৮ এপ্রিল ২০১৮

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কিশোরগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশন, সাস্ট’র নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-ই এর ৩২৮ নং কক্ষে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলোজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয় শুটিং দলের সাবেক শুট্যার ও ব্রিটেনে প্রবাসী ব্যবসায়ী ফরিদুল ইউসুফ মহসিন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মোজাম্মেল হক নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বন্তব্য রাখেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত থাকতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও দৃঢ়তা বজায় রাখার আহ্বান জানান তিনি।’
সংগঠনের সভাপতি মো. তানভীর খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক মোহাম্মদ আবুল হাসনাত, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলোজি বিভাগের প্রভাষক শাফায়েত আহমেদ শুভ, সহকারী প্রকৌশলী বাঁধন চন্দ্র দাস, শারীরিক শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর নমিতা দে, সংঠনের সাবেক সভাপতি মো. আশরাফুল ইসলাম হিমেল, অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী শাহাদাত হোসাইন প্রমুখ।
এছাড়াও নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে নিজের অনুভূতি প্রকাশ করেন বাংলা বিভাগের শিক্ষার্থী আতিয়া সুলতানা নিসা ও নৃবিজ্ঞান বিভাগের শফিউল হক রাব্বী।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা থেকে আগত ২০১৭-১৮ সেশনের প্রায় অর্ধশতাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ তাঁদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।