৫ নভেম্বর ২০২৩


দক্ষিণ সুরমায় গাড়িতে আগুন, আটক ১

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেটসহ দেশজুড়ে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে আজ (রবিবার) সকালে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের জলকরকান্দি এলাকা থেকে এক পিকেটারকে আটক করেছে পুলিশ ।

প্রত্যক্ষদর্শীরা জানান, পারাইরচক জলকরকান্দি এলাকায় একটি খাদ্যপণ্যবাহী পিকআপভ্যানে পিকেটাররা ইট-ঢিল ছুঁড়ে গতিরোধ করে। পরে নিক্ষেপ করে পেট্রোল বোমা। এসময় গাড়ির সামনের অংশ পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানাপুলিশ ঘটনাস্থলে এসে ধাওয়া করে একজনকে আটক করে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায় নি ।

এদিকে আজ সকাল থেকেই সিলেটের কয়েকটি স্থানে বিক্ষিপ্ত পিকেটিং করছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

জকিগঞ্জ থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান, ভোরবেলা সিলেট-জকিগঞ্জ সড়কের মানিপুর ও কাজলশাহ এলাকায় বিএনপি-জামায়াতের কয়েকজন নেতাকর্মী গাছ ফেলে ও শুকনো ডালে আগুন ধরিয়ে পিকেটিং করেছেন।

দক্ষিণ সুরমা প্রতিনিধ জানান,সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ইট ছড়িয়ে-ছিটিয়ে পিকেটিং করেছেন উপজেলা বিএনপি ও জেলা স্বেচ্ছাসেবক দলের ১৫-২০ জন নেতাকর্মী। রাস্তার পাশে রাখা ইট ভেঙে সিলেট-ঢাকা মহাসড়কে ছিটিয়ে দেন এসব নেতাকর্মী। এসময় তাদেরকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শাহপরান প্রতিনিধি জানান, সকালে মহানগরীর খাদিমনগরে পিকেটাররা গাড়ি ভাঙচুর করতে শুরু করে। খবর পেয়ে পুলিশ এসে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

জাফলং থেকে নিজস্ব সংবাদদাতা জানান, সিলেট-তামাবিল সড়কের জাফলং এলাকায় একটি অটোরিকশা ভঙচুর করেছেন পিকেটাররা। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত করা যায় নি।

এএস // আতারা

শেয়ার করুন