৭ এপ্রিল ২০১৮
নিজস্ব প্রতিবেদক : মহানগরের জালালাবাদ থানা পুলিশের পৃথক অভিযানে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যমানের ১৭৯০পিস ইয়াবাসহ শামীম আহমদ (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে উত্তর পীরপুর এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে থানার পশ্চিম দর্শা গ্রামের সাদ উল্লাহর ছেলে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পীরপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে আরো ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসময় অন্যরা পালিয়ে যায়।
এ ঘটনায় জালালাবাদ এসআই দিবাংশু পাল বাদী হয়ে পৃথক এজাহার দায়ের করেছেন। পলাতক অন্য মামলার আসামীরা হচ্ছেন- পূর্বদর্শা গ্রামের মৃত ছওয়াব আলীর ছেলে ইলিয়াছ আলী (৪৮), তার স্ত্রী হোসনে আরা (৩৪) ও একই গ্রামের আবদুল করিমের ছেলে দুলাল (৩২)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
(আজকের সিলেট/৭ এপ্রিল/ডি/এসটি/ঘ.)