৪ নভেম্বর ২০২৩
ডেস্ক রিপোর্ট:
জাতিসংঘের মহাসচিব ২৮ অক্টোবর নিয়ে যে বিবৃতি দিয়েছেন সেটা তিনি ভুল তথ্যের ভিত্তিতে দিয়েছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। শুক্রবার রাতে সিলেট নগরের ৮ নম্বর ওয়ার্ডের কালিবাড়ী এলাকায় ‘দেশব্যাপী উন্নয়ন কর্মযজ্ঞ প্রচার ও আগামীর স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে উঠান বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বিএনপি কী করেছে সেটা মিডিয়ার মাধ্যমে সারাদেশের মানুষ দেখেছে। কিন্তু জাতিসংঘের প্রতিনিধি হয়তো বাংলা বোঝেন না, তাই উনাকে ভুল এবং মিথ্যা তথ্য বোঝানো হয়েছে। উনি এটি মহাসচিবকে জানিয়েছেন। তাই আমরা তাঁকে চিঠি লিখেছি। ২৮ অক্টোবর যারা সহিংসতা করেছে, তারা মনে হয় সরকারি দলের, এমনটি জাতিসংঘের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা অবান্তর। তাদের বিবৃতি যথেষ্ট দুর্বল ও একপেশে। যারা ঢাকা থেকে এ রিপোর্ট পাঠিয়েছেন তাদের জিজ্ঞাসা করেন, তাদের চোখমুখ বন্ধ ছিল নাকি। অথচ গাজায় নির্বিচারে মানুষ মারছে, এ ব্যাপারে তারা চুপ। এ ধরনের হিপোক্রেসি (ভন্ডামি) ঠিক নয়।
উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মীনী সেলিনা মোমেন, সিসিক কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াস, আওয়ামী লীগ নেতা সুদীপ দেব, সাব্বির খান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মকবুল হোসেন খান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ড. মিছবাউর রহমান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেলেনা আহমেদ, ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, সিসিকের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম, জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল ইসলাম এজাজ প্রমুখ।