২ নভেম্বর ২০২৩
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারে নিজের ছেলেকে বাল্যবিয়ে করানোর অপরাধে পিতাকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পিতা লিয়াকত মিয়া ভুয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সনদ তৈরি করে বয়স লুকিয়ে গত ২৫ অক্টোবর তার ছেলে সাদেক মিয়াকে (২০) বিয়ে করান। ১ নভেম্বর গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বাল্যবিয়ের সত্যতা যাচাইয়ের জন্য সেখানে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। বিভিন্ন কাগজপত্র যাচাইয়ের পর বাল্যবিয়ের সত্যতা পাওয়ায় সাদেকের পিতা লিয়াকত মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে সমাজের প্রতিটি নাগরিকদের উদ্বুদ্ধ করতে হবে। এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এএস // আতারা