৩১ অক্টোবর ২০২৩
ডেস্ক রিপোর্ট : সরকার পতনের এক দফা দাবিতে সিলেট সহ সারাদেশে বিএনপির ডাকে টনা তিন দিনের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। রাজপথ, রেলপথ ও নৌ-পথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ঘুরে দেখা যায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। প্রস্তুত রয়েছে পুলিশের সাজোয়া যান এপিসি। তবে তখন পর্যন্ত অবরোধকারী নেতাকর্মীদের রাস্তায় দেখা যায়নি। এছাড়া সিএনজি অটোরিকশা, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে।
এদিকে, বিএনপি-জামায়াতের তিন দিনের অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সোমবার রাত থেকে সিলেট-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা।
চলাচল বা পণ্য পরিবহনে কোথাও বাধা দেওয়া হলে অথবা বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করবে বিজিবি। বিশেষ করে মহাসড়ক ও রেলপথের নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত রোববার বিএনপি-জামায়াত সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। হরতালে উত্তপ্ত হয় সিলেট। সকাল ৮টা থেকে দুপুরের পর পর্যন্ত বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের ‘অতর্কিত’ পিকেটিং চলে। বিএনপি-জামায়াত নেতাকর্মীরা বিভিন্ন স্থানে বাস, রিকশা ও লেগুনায় আগুন দেন। ভাঙচুর করেন সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন। বাদ যায়নি সাংবাদিকের মোটরসাইকেলও। দুপুর পর্যন্ত বন্দর ও জিন্দাবাজার এলাকায় পুলিশের সঙ্গে হয় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ। এসময় পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড মেরে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে। বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হামলায় সিলেটে তাদের ৫ সদস্য আহত হয়েছেন।