৩০ অক্টোবর ২০২৩


বিএনপির ডাকা অবরোধে সিলেটজুড়ে তীব্র যানজট

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

আবু তালহা রায়হান : রোববার (২৯ অক্টোবর) দেশজুড়ে সকাল–সন্ধ্যা হরতাল পালন করেছে বিএনপি। সেই কর্মসূচি শেষ হওয়ার পর সন্ধ্যায় তিনদিনের অবরোধ কর্মসূচি দিয়েছে সরকারবিরোধী দলটি। মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই কর্মসূচি পালন হবে। বিএনপির ডাকা আগামী তিনদিনব্যাপী এ অবরোধে সিলেটজুড়ে তীব্র যানজট শুরু হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকাল থেকে সিলেট মহানগরসহ জেলার সবক’টি উপজেলায় এসব যানজট দেখা যায় । আগামী তিনদিন নিজেদের যাত্রা অনিশ্চিত ভেবে প্রত্যেকেই নিজ নিজ গন্তব্যে পাড়ি জামাচ্ছেন । আর এতে সড়কে গাড়ি বেশি হওয়ায় দেখা দিয়েছে যানজট ।

সিলেট মহানগরীর বিভিন্ন মুড় ঘুরে আমাদের নিজস্ব প্রতিবেদকরা জানান , তিনদিনব্যাপী অবরোধের কথা শুনে নগরী থেকে অনেকেই নিজ নিজ গন্তব্যে পাড়ি জমাচ্ছেন । এতে অন্যদিনের তুলনায় আজ সকাল থেকেই তীব্র  যানজট দেখা দিয়েছে । চলাচলে বিঘ্ন ঘটছে । বিপাকে পড়ছে ইমার্জেন্সি রোগিবাহী এ্যাম্বুলেন্সগুলো । দুপুর সাড়ে ১২ টা থেকে নগরীর টিলাগড়-নাইওরপুল পয়েন্ট পর্যন্ত দীর্ঘ যানজট লেগে আছে । বন্দর থেকে সোবহানীঘাট পয়েন্ট পর্যন্ত একই অবস্থা।

গোইয়াইনঘাট থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা জানান,অবরোধে আটকা পড়বেন ভেবে জাফলং ও বিছনাকান্দিতে থাকা ননসিলেটি পর্যটকরা দ্রুত বাড়ি ফিরছেন । ফলে প্রতিদিনের তুলনায় আজ গোয়াইনঘাট সড়কে যাত্রী বেশি হওয়ায় যানজটও বেশি।

গেইটলক সিটিং সার্ভিস দরবস্থ শাখার ম্যানেজারের সঙ্গে কথা হলে তিনি বলেন, অন্যদিনের তুলনায় জৈন্তা,গোয়াইনঘাট ও কানাইঘাটের সড়কে আজ যানজট বেশি। অবরোধের কারণে একদিন আগেই সবাই নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন । সকাল থেকে গেইটলক বাসগুলোতে যাত্রীদের সংখ্যা অকল্পনীয় হারে বেড়েছে । কোন বাসেই সিট খালি থাকছে না।

পরিবহন শ্রমিক জুনেল আহমেদ বলেন, গতকালের হরতালের পর আজ গাড়িতে এসেছি । গতকাল অনেকে আটকা পড়েছিলেন,আজ তারা নিজ গন্তব্যে যাচ্ছেন । অনেকে আবার আগামী তিনদিন অবরোধের কারণে একদিন আগেই গন্তব্যে চলে যাচ্ছেন । ফলে আজ সকাল থেকে আমাদের বাসগুলোতে যাত্রী সংখ্যা বেড়েছে । সড়কে গাড়িও বেড়েছে । এতে তীব্র যানজট শুরু হয়েছে । নির্ধারিত সময়ে গাড়ি নিয়ে স্টেশনে পৌঁছা যাচ্ছে না ।

শেয়ার করুন