২৪ অক্টোবর ২০২৩
কুলাউড়া সংবাদদাতা : মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক উল্টে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার এসআই হাবিবুর রহমান । নিহত সুলেমান (৪০) ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে।
পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে ভাটেরা হয়ে কুলাউড়ার দিকে আসছিল সার বোঝাই একটি ট্রাক। পথে ভাটেরার কৃষ্ণপুর এলাকায় ট্রাকটি পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খালে পড়ে গিয়ে চাপা পড়ে সুলেমান মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক উদ্ধার অভিযানের পর ট্রাকের নিচ থেকে সুলেমানের লাশ বের করে। এ সময় ট্রাকচালক সুমন মিয়া পালিয়ে যায়।
এসআই হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেছে এবং ঘাতক ট্রাক থানায় জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এএস /// আতারা