২৪ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাং নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ঢাকা কেরানীগঞ্জ থানার ইটাপাড়া দক্ষিণ কানারচর গ্রামের আব্দুর রহিমের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) ও ঢাকা সাভার হেমায়েত পুরের তোলাতলি এলাকার আব্দুল বারেকের ছেলে মোহাইমিন (২৭)।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঢাকার কেরানীগঞ্জের মো. শাহ আলমের ছেলে মো. রিপন (২২), ঢাকা কদমতলির রুবেল আলম (২৮), ঢাকা লঙ্কারচরের আলা উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৫), ঢাকা কেরানীগঞ্জের ইটামারা কদমতলির বাবুলের ছেলে মিন্টু (২৫), নজরুল ইসলামের ছেলে মো. হোসেন (২৬) ও বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ মো; তাজুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, একটি পিকআপে করে কিছু পর্যটক শাহজালাল মাজার জিয়ারত শেষে জাফলং-এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সকাল ৯ টার দিকে কাটাগাং নামক স্থানে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনায় আরোও ১০জন আহত হয়েছেন।
নিহতদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতদের উদ্ধার করতে হাইওয়ে ও থানাপুলিশ এবং ফায়ার সার্ভিস টিম কাজ করছে।