২৪ অক্টোবর ২০২৩


আজ বিজয়া দশমী, দেবী ফিরবেন কৈলাসে

শেয়ার করুন

শিপন চন্দ জয়: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী আজ।ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পাঁচদিনের মাতৃ আরাধনা শেষে অশ্রুভরা চোখে মাকে সপরিবারে বিদায় জানাবেন ভক্তরা, প্রতিমা বিসর্জনের মাধ্যমে কামনা করবেন আগামী বছর মায়ের প্রত্যাবর্তন।বিজয়া দশমীতে পূজামণ্ডপে ভিড় করছেন পূজার্থীরা।

দশ উপাচারে দেবীর বিহিত পূজা ও দর্পণ বিসর্জন শেষে মাতৃচরণে দেওয়া হবে পুষ্পাঞ্জলি। পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করানো, বিবাহিত নারীরা মায়ের চরণে সিঁদুর দেওয়ার পর একে অপরের কপালে সিঁদুর পরিয়ে দেবেন পূজা শেষে।সন্ধ্যায় হবে প্রতিমা বিসর্জন। দেবী দুর্গা ফিরবেন কৈলাসে।দুর্গতিনাশিনী দেবী দুর্গা ধরাধামে এসেছিলেন ঘোড়ায় চড়ে, ফিরছেন একই বাহনে।

এবার সিলেট মহানগর ও জেলায় ৬১৭টি মন্ডপে পূজার অনুষ্ঠিত হয়েছে।তার মধ্যে সার্বজনীন ৫৬৯টি, পারিবারিক ৪৮টি।

সন্ধ্যায় সিলেটর ঐতিহ্যবাহী সুরমায় চাঁদনী ঘাটে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা।

আজকের সিলেট ডটকম/শিচজ

শেয়ার করুন