২৩ অক্টোবর ২০২৩
ছবি : সংগৃহীত
গোলাপগঞ্জ সংবাদদাতা : যানজটে অতিষ্ঠ গোলাপগঞ্জবাসী। উপজেলার চৌমুহনীতে প্রতিদিনই লেগে থাকে তীব্র যানজট। ফলে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা । এসব যানজটে সাধারণ পরিবহন ও যাত্রীদের সঙ্গে রেহাই পাচ্ছে না এম্বুলেন্সও।
প্রতিদিনেরমত রবিবার (২২ অক্টোবর) বিকেলেও চৌমুহনীতে তীব্র যানজট দেখা যায় । স্থানীয়রা জানান, এখানে তীব্র যানজটের মূল কারণ চৌমুহনীতে সড়কের উপর অবৈধ সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত টমটম ও সিএনজির স্ট্যান্ড বানিয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো দখল, সড়কের দুই পাশে অবৈধ দোকান ও যত্রতত্রভাবে গাড়ি পার্কিং।
সিলেট জেলার পাঁচটি উপজেলার মিলনস্থল হচ্ছে গোলাপগঞ্জ উপজেলা পৌরশহর। এ উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক সিলেট-জকিগঞ্জ সড়ক।
চলতি বছরের ফেব্রুয়ারিতে পৌরসভার মেয়র ও প্রশাসনের উদ্যোগে গোলাপগঞ্জ পৌরশহরের ফুটপাতের উপর থেকে ব্যবসা প্রতিষ্ঠানের অংশ, ভ্রাম্যমাণ ব্যবসায়ীসহ যারা ফুটপাত দখল করে ব্যবসা করে যানজট সৃষ্টি করছেন তাদের উচ্ছেদ করা হলেও যানজট লেগেই আছে।
এ বিষয়ে পথচারী ও ব্যবসায়ীরা বলেন, সড়কে গাড়ি পার্কিংয়ের কারণে সড়ক সংকীর্ণ হয়ে যায়। ফলে প্রচুর যানজটের সৃষ্টি হয়। এই যানজটের কারণে দুর্ঘটনাও হচ্ছে।

এ বিষয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ বিন রিয়াছত জানান, গোলাপগঞ্জ চৌমুহনীতে যানজটের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখানে অবৈধ সিএনজি স্ট্যান্ড ব্যাটারিচালিত রিক্সা ও চৌমুহনী পয়েন্ট এর বাস পার্কিং করা হয়।
তিনি বলেন, এই সমস্যা নিরসনের জন্য সিএনজি ও ব্যাটারিচালিত রিক্সার স্ট্যান্ড এর নির্দিষ্ট জায়গা করে দিলে কিছুটা হলেও নাগরিকদের এই দুর্ভোগ কমবে। এবং বাস থেকে যাত্রি উঠা নামানোর জন্য চৌমুহনী থেকে একটু দূরে একটি নির্ধারিত জায়গা নির্ধারণ করলে যানজট নিরসন হবে।
এএস // আতারা