৪ এপ্রিল ২০১৮
আজকের সিলেট ডেস্ক : অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গেছেন সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার রাতে পৃথক পৃথকভাবে তারা বিএনপি মহাসচিবকে দেখতে যান।
জেল থেকে মুক্তি পাওয়ার পর সন্ধ্যায় ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এরপর হাসপাতালে যান মাহমুদুর রহমান মান্না। সন্ধ্যায় মো. শাজাহান ও আমিনুর রহমান বাচ্চু হাসপাতালে যান। পরে রাতে ড. কামাল হোসেন, সুলতান মোহাম্মদ মনসুর বিএনপি মহাসচিবকে দেখতে যান। তারা রাত পৌনে ১১টার দিকে হাসপাতাল থেকে বের হন।
বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান দেশসংবাদ ডটকম এর এ প্রতিবেদককে এতথ্য নিশ্চিত করেন।
প্রসঙ্গত, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থবোধ করায় সোমবার সকাল ১০টার দিকে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়। পুরোপুরি সুস্থ না হওয়ায় তিনি এখনো হাসপাতালেই ভর্তি রয়েছেন।
(আজকের সিলেট/৪ এপ্রিল/ডি/কেআর/ঘ.)