৩ এপ্রিল ২০১৮
নিজস্ব প্রতিবেদক : নগরীর উত্তর বালুচর এলাকায় ককটেল তৈরীর সময় বিস্ফোরণে এক কিশোর আহত হয়েছে। রেদওয়ান আহমদ (১৫) নামের ওই কিশোর উত্তর বালুচরস্থ সোনার বাংলা আবাসিক এলাকার আব্দুল জব্বারের ছেলে।
মঙ্গলবার দুপুরে ককটেল তৈরীর সময় বিস্ফোরণে আহত হলে রেদওয়ান আহমদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলাস্থ ৯নং ওয়ার্ড ভর্তি করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
শাহপরান থানার ওসি আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বালুচরে এক প্রবাসীর বাসায় ভাড়া থাকে রেদওয়ানের পরিবার। বাসার প্রহরী জানিয়েছে, একটি পাইপের মধ্যে দেয়াশলাইয়ের বারুদ ঢুকানোর পর বিস্ফোরণ ঘটে রেদওয়ান আহত হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেদওয়ানও এ কথা স্বীকার করেছে।
তিনি আরো বলেন, কৌতুহলের বশবর্তী হয়ে নাকি নাশকতার উদ্দেশ্যে রেদওয়ান এ কাজ করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে সে পুলিশ প্রহরায় ওসমানীতে চিকিৎসাধীন।
(আজকের সিলেট/৩ এপ্রিল/ডি/এসসি/ঘ.)