২১ অক্টোবর ২০২৩
প্রতীকী ছবি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : তালগাছ নিধনের ফলে চুনারুঘাটে দেখা যাচ্ছে না বাবুই পাখির বাসা। একসময় উপজেলার গ্রামগুলো বাবুই পাখির কলতানে মুখরিত থাকত । কিন্তু সম্প্রতি তালগাছ নিধনের ফলে হারিয়ে যাচ্ছে প্রকৃতির অনুপম এই দৃশ্য। উপজেলাটিতে সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ পরিবর্তনের কারণে আজ বিলুপ্তির পথে তালগাছে বাসা বাঁধার নিখুঁত কারিগর বাবুই পাখিরা।
একসময় চুনারুঘাট উপজেলার প্রতিটি অঞ্চলে মাঠের ধারে, পুকুর পাড়ে কিংবা মাঠের পাশে দেখা মিলত সারি সারি তালগাছের। আর এসব গাছে বাবুই পাখিদের বাঁধা বাসা নজর কাড়ত সবারই ।কিন্তু আধুনিকতার ছোঁয়ায় মানুষ তালগাছ কেটে ফেলার ফলে আজ আর তালগাছের মগডালে চির চেনা বাবুই পাখির বাসা নজরে পড়ে না। মধুময় সেই তালগাছ আর নিখুঁত বুননশিল্পী বাবুই পাখিদের বাসা; দু’টোই আজ বিলুপ্তপ্রায়।
শুধু তালগাছ নয়; নারকেল,সুপারিসহ নানান গাছে বাসা বাঁধে বাবুই পাখিরা । কিন্তু সময়ের সাথে সাথে এসব গাছ কমে যাওয়ায় আবাসন নিয়ে চরম সংকট পড়েছে এই পাখি। ঝুঁকি জেনেও অনেকটা বাধ্য হয়েই অনিরাপদ জায়গায় আবাস গড়ে তুলছে তারা।
বরষীয়াণদের সঙ্গে কথা বলে জানা যায়,বাবুই পাখিটি খুবই বুদ্ধিমান,দেখতে ছোট হলেও বুদ্ধিতে সব পাখিকে হার মানায়। বাবুই পাখি,ঘাস ও লতা পাতা দিয়ে তালগাছের মাথায় সুন্দর করে বাসা তৈরি করতে পারে বলে এদেরকে তাঁতি পাখি বলা হয়।
উপজেলা কৃষি ব্লক সুপার ভাইজার কৃষিবিদ আব্দুল সোবহান জানান, নতুনভাবে তালগাছের চারা উৎপাদন করে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও বজ্রপাত থেকে রক্ষা পেতে তালগাছের কোনো বিকল্প নেই। বেশি বেশি তালগাছ রোপণ হলে বিলুপ্ত হওয়া বাবুই পাখিদের অস্তিত্ব ও রক্ষা পাবে।
এএস // মিজানুর রহমান // আতারা