১৬ অক্টোবর ২০২৩
প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক : সিলেটের শাহপরান থানাধীন বটেশ্বর এলাকাজুড়ে বেড়েছে ডাকাত আতঙ্ক। মাত্র দুইদিনের ব্যবধানে এলাকাটিতে ভয় ছড়িয়েছে ডাকাতরা। শুক্রবার (১৩ অক্টোবর) রাত ২টার দিকে বটেশ্বর এলাকার খাটিমারা গ্রামে একটি মেসে হামলা চালায় সন্ত্রাসীদল।
একই এলাকার একটি হাউজিং বাসায় রোববার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে ডাকাতদল ঢুকে পড়ে। স্থানীয়রা টের পেয়ে সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে বিষয়টি এ’লান করলে তারা পালিয়ে যায়। এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক বেড়েছে এলাকাটিতে। রাত হলেই ভয়ে কাতর থাকেন নারী ও শিশু-কিশোররা । থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকাজুড়ে ।
স্থানীয়রা জানান, গেল দুইসপ্তাহ থেকে সন্ধ্যা নামলেই এলাকাজুড়ে ভয়ানক পরিস্থিতি তৈরি হয় । এলাকায় নতুন নতুন মানুষের আনাগোনা দেখা মেলে । গভীররাতে অনেকের বাসায় ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শোনা যায়। শুক্রবার ও রোববারের ঘটনা এলাকাজুড়ে আরও বেশি আতঙ্ক বাড়িয়েছে ।
স্থানীয় দুই নারীর বলেন, গেল কয়দিন থেকে রাতে আমরা ভয়ে থাকি । ঘুমাতে পারি না। গভীররাতে বাড়ির আশেপাশে কারা যেন ঘোরাফেরা করে । আমাদের উপস্থিতি টের পেলে পালিয়ে যায় তারা।
এখনো কোন ডাকাত সদস্যকে আটক বা চিহ্নিত করা যায় নি এলাকাটিতে । ডাকাত আতঙ্কে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে কিশোর শিক্ষার্থীদের। এলাকার বেশিভাগ শিক্ষার্থী সন্ধ্যাপরে বিভিন্ন স্থানে প্রাইভেট পড়তে যায়। তবে ডাকাত আতঙ্ক তৈরি হওয়ার পর থেকে অনেকে প্রাইভেটে যাচ্ছে না। ফলে পড়ালেখায় বিঘ্ন ঘটছে । আতঙ্কে আছেন সদ্য বিবাহিতা গৃহবধূরাও। নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত তারা ।
এএস // আতারা