১৪ অক্টোবর ২০২৩
ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ইতিহাসে রেকর্ড গড়লেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।ওয়ানডে বিশ্বকাপে এক হাজার রানের মাইলফলকে আগেই পৌঁছেছিলেন সাকিব আল হাসান। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি করেছেন ৪০ রান। এর মাধ্যমে বিশ্বকাপে সর্বোচ্চ রানের হিসাবে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন বাংলাদেশ অলরাউন্ডার।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০ রান করে লকি ফার্গুসনের বলে টম লাথামের হাতে ক্যাচ দেন সাকিব। তাতে বিশ্বকাপে তার রানসংখ্যা হলো ১ হাজার ২০১। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন সনাৎ জয়াসুরিয়া, বিরাট কোহলি ও ক্রিস গেইলকে। বিশ্বকাপে জয়াসুরিয়ার ১ হাজার ১৬৫, কোহলির ১ হাজার ১৭০ ও গেইলের রান ১ হাজার ১৮৬।
বিশ্বকাপে সর্বোচ্চ রানের হিসাবে সাকিবের সামনে রয়েছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, ব্রায়ান লারা ও এবি ডি ভিলিয়ার্স। এদের মধ্যে শচীন ২ হাজার ২৭৮ রান নিয়ে সবার শীর্ষে। বাকিদের মধ্যে বিশ্বকাপে পন্টিং ১ হাজার ৭৪৩, সাঙ্গাকারা ১ হাজার ৫৩২, লারা ১ হাজার ২২৫ ও ভিলিয়ার্স ১ হাজার ২০৭ রান করেছেন।
বিশ্বকাপে সাকিব শুধু ব্যাট হাতেই উজ্জ্বল পারফর্মার নন। বল হাতেও কম যাননি তিনি, ৩২ ম্যাচে ৩৮ উইকেট নিয়ে তিনি আছেন সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ১২তম স্থানে। ৭১ উইকেট নিয়ে এই তালিকায় সবার শীর্ষে গ্লেন ম্যাকগ্রা।
সাকিব আল হাসান ২০০৭ থেকে ২০২৩ পর্যন্ত ৫টি আসরে অংশ নিচ্ছেন । এবারের বিশ্বকাপে আরও কমপক্ষে ৬টি ম্যাচ পাবে বাংলাদেশ। যেখানে নিজের ট্যালিকে আরও সমৃদ্ধ করার সুযোগ পাবেন সাকিব।