১৩ অক্টোবর ২০২৩
সৈয়দ রাসেল আহমদ : গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে সুরমা নদীর আগ্রাসী ভাঙ্গন পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান এলিম চৌধুরী। এসময় নদী ভাঙ্গন রোধে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। শুক্রবার বাঘা ইউনিয়নের রস্তমপুরে গ্রামের নদী ভাঙ্গনের শিকার হাতিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রায় ৩০০ বছরের পুরোনো রস্তমপুর জামে মসজিদসহ আশপাশের এলাকা পরিদর্শন করেন।
এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান এলিম চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি খবর পেয়ে সেখানে যাই এবং গিয়ে তাৎক্ষণিক কিছু সহযোগিতার আশ্বাস দেই। তবে নদী ভাঙ্গন রোধে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে,কমপক্ষে এক কিলোমিটার জায়গাকে সুরক্ষা বলয়ের মধ্যে নিয়ে আসতে হবে। আমি দু-একদিনের মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ে গিয়ে এ বিষয়ে কথা বলবো।
একদিকে যখন সুরমা নদীর আগ্রাসনে নদী ভাঙ্গনের কবলে পড়ে শত শত পরিবার ভিটেমাটি হারাচ্ছে অন্যদিকে একদল বালু খেকু অবৈধভাবে সুরমা নদীর বিভিন্ন অংশ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তলন করে যাচ্ছে।
এবিষয়ে এলিম চৌধুরী বলেন, যারাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তলন করবে তাদেরকে সামাজিক ভাবে প্রতিরোধ করতে হবে। পাশাপাশি আমি এবিষয়ে প্রশাসন লেভেলের সবাইকে বলে রেখেছি।কেউ যদি অবৈধভাবে বালু উত্তলন করে সাথে সাথে ৯৯৯ নাম্বারে যোগাযোগ করার জন্যও তিনি আহবান জানান।
আজকের সিলেট ডটকম / জেএস