১২ অক্টোবর ২০২৩
শাবিপ্রবি প্রতিনিধি:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ১৯তম কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুরুল ইসলাম রুদ্র ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসান নাঈম নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রেস ক্লাব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম ফলাফল ঘোষণা করেন।
কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রাহাত হাসান মিশকাত (দৈনিক কালবেলা), যুগ্ম-সম্পাদক জুবায়েদুল হক রবিন (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ তানভীর হাসান (আজকের পত্রিকা), দপ্তর সম্পাদক নাঈম আহমদ শুভ (জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম)।
নির্বাচন কমিশনার হিসেবে আরও দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়া ও পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম খান।
আজকের সিলেট / জেকেএস