১২ অক্টোবর ২০২৩
আজকের সিলেট ডেস্ক : গাজায় ফিলিস্তিনি জনগণের উপর ইসরাইলি নৃশংসতার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। বুধবার (১১ অক্টোবর) বিকাল ৫টায় নগরীর আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় । বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর-এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত বক্তব্য পেশ করেন, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর মামুন বেপারি, সংগ্রাম পরিষদের মহানগর সহসভাপতি শহীদ মিয়া, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জাহেদ আহমদ, রায়হান নূর, তুহিন আহমদ প্রমুখ
সমাবেশে বক্তারা বলেন, ১৯৪৮ সাল থেকে প্রতিদিন ফিলিস্তিনের জনগণের জীবন, সম্পদ, জমি কেড়ে নেয়া, অধিকৃত অঞ্চলে নতুন নতুন ইসরায়েলি বসতি স্থাপন করার ফলশ্রতিতে ফিলিস্তিনের জনগণ আজ নিজ দেশে পরবাসী হয়ে পড়েছে। সম্প্রতি কাজের অধিকার সংকুচিত করা, আল আকসা মসজিদে প্রবেশ নিয়ন্ত্রিত করা, ফিলিস্তিনিদের পক্ষের সাংবাদিকদের হত্যা, নতুন করে ইসরায়েলি বসতি স্থাপনের পদক্ষেপ গাজাবাসীদের অসন্তেষের তীব্রতাকে বাড়িয়ে তোলে।
তার প্রতিক্রিয়ায় হামাসের আক্রমণ এবং ইসরায়েলি পাল্টা আক্রমণে ২০ লাখ গাজাবাসী ফিলিস্তিনির জীবন আজ ভয়াবহ সংকটের মুখে ।
তারা বলেন, ইসরায়েলি দখলদারি তৎপরতার চরম মূল্য দিতে হচ্ছে ফিলিস্তিনির জনগণ এবং ইসরায়েলের সাধারণ নাগরিকদের। সাম্প্রতিক ঘটনাকে উপলক্ষ করে নতুন করে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করার পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। দীর্ঘদিন ধরে নির্মম আক্রমণের শিকার ফিলিস্তিনিদের পাশে না দাড়িয়ে তাদের উচ্ছেদের ষড়যন্ত্রে মার্কিন এবং ইউরোপের সাম্রাজ্যবাদীরা ইসরায়েলকে সহায়তা করছে।
এসময় বক্তারা ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য গণতন্ত্রকামি মানুষের প্রতি আহ্বান জানান।
এএস // স.বি // আতারা