১১ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটে পৃথক পৃথক স্থান থেকে ৪ শিক্ষার্থী নিখোঁজ ! মো. ইয়ামিন হামিম (১৬), জালিজ মাহমুদ ওরফে সিয়াম (১৬),মো. মাহফুজুর রাহমান (১৬) ও মো. উসমান আহমদ (১৩)। গত ১৬ দিনে সিলেটের বিভিন্ন স্থান থেকে নিখোঁজ হয়েছেন এই ৪ শিক্ষার্থী। তাদের মধ্যে দু’জন মাদ্রাসা, একজন স্কুল ও একজন কলেজের ছাত্র।নিখোঁজের ঘটনায় স্বজনরা পৃথকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গোয়াইনঘাটের জামকান্দি গ্রামের নিখোঁজ মাদরাসাছাত্র উসমানের বাবা হানিফ আলী জানান, গত ২৬ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে উসমান বাড়ি থেকে বের হয়ে আর ফেরে নি। এরপর থেকে তিনি বিভিন্ন স্থানে খোঁজ নিচ্ছেন। তবে ছেলের সন্ধান পাচ্ছেন না।
উসমান স্থানীয় জামকান্দি নুরুল উলুম মাদানি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ঘটনারদিন সে মাদরাসায় যায় নি । এ ঘটনায় তার বাবা হানিফ আলী গোয়াইনঘাট থানায় ২৮ সেপ্টেম্বর সাধারণ ডায়েরি করেন। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, পুলিশ নিখোঁজ মাদরাসাছাত্রের সন্ধান করছে।
এদিকে গত ১৯ সেপ্টেম্বর শাহপরাণ থানাধীন রুস্তমপুর এলাকা থেকে জালিজ মাহমুদ নিখোঁজ হয় । নিখোঁজ শিক্ষার্থী মামা সোহাগ হাওলাদার জানান, ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিক থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তিনি সিলেট শাহপরাণ (রহ.) থানায় ২০ সেপ্টেম্বর জিডি করেন। জালিজ পীরেরবাজার এলাকার জহিরিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। বরিশালের উজিরপুর গাজীরপাড়া গ্রামের ফরিদুল ইসলামের ছেলে সে।
সিলেট শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পুলিশ নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান চালাচ্ছে।
গত ৪ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ডেমারগ্রামের মো. মাহফুজুর রাহমান বাড়ি থেকে গোলাপগঞ্জে মাদ্রাসার উদ্দেশে চলে যাওয়ার পর আর কোনো খবর পাওয়া যায় নি। সে ওই গ্রামের হাফেজ মাওলানা আবদুল বাসিতের ছেলে। নিখোঁজের ঘটনায় ৯ অক্টোবর জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে তার খোঁজ নেওয়া অব্যাহত আছে।
এ বিষয়ে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ বলেন, ওই কিশোর নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। কিশোরের সন্ধানে কাজ করছে পুলিশ।
অপরদিকে এই তিনজন ছাড়াও সর্বশেষ সোমবাার (৯ অক্টোবর) ইয়ামিন হামিম (১৬) নিখোঁজ হয় । এদিন রাতে বাদ ইশা সিলেটের কদমতলি আসার জন্য সে বাড়ি থেকে বের হয়ে আর ফেরে নি । তার বাড়ি সিলেট মহানগরের ৪২ নং ওয়ার্ডের শেখপাড়ায়।
হামিমের বাবা বলেন, তার ছেলে দক্ষিণ সুরমার শাহপরাণ সরকারি কলেজ
থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। ছেলেকে খুঁজে না পাওয়ায় পরিবারের সদস্যরা দিশেহারা। বুধবার (১১ অক্টোবর) সকালে তিনি মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি করেছেন।
এএস // আতারা