৫ অক্টোবর ২০২৩
আজকের সিলেট ডেস্ক : বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজকের সিলেটকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান তিনি ।
তিনি বলেন, সমগ্র পৃথিবী জুড়ে শিক্ষকরাই যুগে যুগে সাধারণ মানুষের জীবনে আলোকবর্তিকা হয়ে এসে সভ্যতা বিকাশের চালিকাশক্তি হিসেবে কাজ করেছেন। আজকে বিশ্ব শিক্ষক দিবসে আমি শিক্ষক সমাজের সকলকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছি।”
শিক্ষকতাকে মহান পেশা উল্লেখ করে ভাইস-চ্যান্সেলর জামাল ভূঞা বলেন, পৃথিবী প্রতিদিন বদলায়, সে বদলের ধারাবাহিক প্রক্রিয়াটি কোন না কোন শিক্ষকদের মাধ্যমেই সম্ভব হচ্ছে। তাদের উদ্ভাবনী জ্ঞান ও মানুষ গড়ার নিরলস পরিশ্রমের ফলে শিক্ষিত জাতি তৈরি হয়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসা করে ভাইস চ্যান্সেলর বলেন,আমাদের শিক্ষকরা শুধু শিক্ষাবিদ নন; তাঁরা পরামর্শদাতা, প্রেরণাদাতা এবং আজীবন বিজ্ঞানী। তাঁরা বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের মধ্যে কৌতূহলের শিখা এবং সৃজনশীলতার স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিচ্ছেন।
শিক্ষকদের তিনি আরও জ্ঞানপিপাসু হবার অনুরোধ এবং লেখালেখি ও গবেষণায় আরও মনযোগী হবার আহ্বান জানিয়ে সম্প্রতি পদার্থ বিজ্ঞানে নোবেল পাওয়া ফরাসি শিক্ষক ও ফরাসি বিজ্ঞানী অ্যান হুইলিয়ারের প্রসঙ্গ টেনে বলেন, একজন শিক্ষকের কাছে তাঁর দায়িত্ব সবার আগে। পৃথিবীর সর্বোচ্চ সম্মানের পুরস্কারের চেয়ে তার কাছে নিজের ক্লাসের শিক্ষার্থীরা বেশি গুরুত্বপূর্ণ। এই কর্তব্যপরায়ণতা একজন শিক্ষককে আরও মহান করেছে।
উল্লেখ্য, নোবেল পুরস্কার জয়ের খবর দেওয়ার জন্য নোবেল কমিটি থেকে অ্যান হুইলিয়ারকে ফোন দেয়ার সময় ক্লাস নিতে ব্যস্ত ছিলেন তিনি। একাধিকবার ফোন দিয়েও তাঁকে পায় নি নোবেল কমিটি। ক্লাস চলাকালে ফোন ধরেন নি তিনি। তবে ক্লাসের বিরতিতে আবার ফোন এলে তিনি ধরেন। নোবেল কমিটি থেকে এক ব্যক্তি কথা বলার জন্য অ্যান হুইলিয়ারের কাছ থেকে সময় চান। অ্যান তাঁকে বলেন, ‘আমি একটু ব্যস্ত, ক্লাস নিচ্ছি।’
এএস // স.বি // আতারা