৪ অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার অবৈধ তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুই জন গর্ভবতী ছিলেন।
মঙ্গলবার স্থানীয় একজন নিরাপত্তা কর্মকর্তা ও সম্প্রদায়ের নেতা এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার ভোররাতে রিভার স্টেটের ইবা এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, নাইজেরিয়ার তেল-সমৃদ্ধ নাইজার ডেল্টা অঞ্চলে বেআইনি পরিশোধন একটি সাধারণ ঘটনা। সেখানকার দরিদ্র জনগোষ্ঠী জ্বালানি তৈরি করতে পাইপলাইনগুলিকে ট্যাপ করে। এটি সাধারণ ও বিপদজনক পন্থায় পরিশোধনের সময় প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ওই সম্প্রদায়ের নিরাপত্তা প্রধান রুফাস ওয়েলেকেম জানিয়েছেন, গত সোমবার ভোররাতে রিভার স্টেটের ইবা এলাকায় বিস্ফোরণের পর এই ঘটনা ঘটেছে। এছাড়া রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী ঘটনাস্থলে পোড়া পাম গাছ এবং মোটরবাইকে ঘেরা খোলা জায়গায় ১৫ জনের মৃতদেহ দেখেছেন।
ওয়েলেকেম বলেন, ‘আগুনে পঁয়ত্রিশ জন লোক নিহত হয়। ভাগ্যবান দু’জন মানুষ সেখান থেকে প্রাণ নিয়ে পালাতে পারলেও তারা আজ সকালে হাসপাতালে মারা গেছেন। স্বজনরা নিহতদের কয়েকজনকে শনাক্ত করে দাফনের জন্য নিয়ে গেছেন।
নাইজেরিয়ার বিভিন্ন তেল কোম্পানির পাইপলাইন থেকে তেল চুরির পর সেগুলো অবৈধ শোধনাগারে পরিশোধন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিপজ্জনক এই প্রক্রিয়ার কারণে অনেক সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ঘটে থাকে প্রাণহানি। চরম দারিদ্র্যের কারণে অনেকে এই ঝুঁকিপূর্ণ কাজ করে থাকেন।