৩০ মার্চ ২০১৮
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আদিবাসী তরুণ-তরুণী আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারীরা হলো- উপজেলার মেরিনা চা বাগানের বাসিন্দা এভেন মারাকের মেয়ে সন্ধ্যা সাংমা (১৭) ও একই এলাকার আলেকজান্ডারের ছেলে জয়ন্ত রুরম (১৮)। এদের মধ্যে সন্ধ্যা সাংমা দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও জয়ন্ত রুরম কুলাউড়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
শুক্রবার ভোরে উপজেলার রাতগাঁও ইউনিয়নের নর্থন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে কুলাউড়া রেলওয়ে পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানান, ভোরে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেন নর্থন এলাকা অতিক্রমকালে একাধিকবার হর্ন বাজাতে শোনা যায়। ধারণা করা হচ্ছে, এসময় তারা আত্মহত্যা করে থাকতে পারে। তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে এলাকাবাসী জানায়।
কুলাউড়া রেলওয়ে থানার এসআই মো. মনির হোসেন জানান, নিহতরা গারো সম্প্রদায়ের। ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে। তাদের সঙ্গে থাকা দু’টি মোবাইল ফোন ঘটনাস্থলে পাওয়া গেছে। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠনোর প্রস্তুতি চলছে।
(আজকের সিলেট/৩০ মার্চ/ডি/এমকে/ঘ.)