১ অক্টোবর ২০২৩
বিশ্বনাথ সংবাদদাতা : সিলেট-২ আসনের (বিশ্বনাথ-ওসমানীনগর) সাবেক এমপি ও জাতীয় পার্টির (জাপা) অব্যাহতিপ্রাপ্ত সাবেক ভাইস চেয়ারম্যান ইয়াহইয়া চৌধুরীকে আবারো দলে টেনে নেওয়া হয়েছে।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে শনিবার (৩০ সেপ্টেম্বর) দলের এক প্রজ্ঞাপনে তার পূর্বের অব্যাহতি আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
শনিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম দফতর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত দলের এক প্রজ্ঞাপনে বলা হয়- দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে ভাইস চেয়ারম্যান এবং সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরীর অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হলো। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, গত সিলেট সিটি নির্বাচনেেএক জনসভায় জাপার দলীয় প্রার্থী নজরুল ইসলাম বাবুলের পক্ষ না নিয়ে ইয়াহইয়া চৌধুরী আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে ভোট চান। এ ঘটনায় প্রথমে তাকে শোকজ করা হয়। পরে ৪ জুন জাপার দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইয়াহইয়া চৌধুরীকে আগে শোকজ হয়। তার জবাব সন্তোষজনক না হওয়ায় জাপা মহাসচিব মুজিবুল চুন্নুর সুপারিশে পার্টি থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো।