২৮ সেপ্টেম্বর ২০২৩


শিশু তাহসিনকে বাঁচাতে শাবিতে ১২দিনব্যাপী ‘স্বপ্নোত্থানের’ বইমেলা

শেয়ার করুন

শাবিপ্রবি প্রতিনিধি:

‘অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট’ নামক এক জটিল রোগে আক্রান্ত এক বছর বয়সী শিশু তাহসিন। তার চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’ ১২ দিনব্যাপী বইমেলা আয়োজন করতে যাচ্ছে। এতে বই বিক্রি করে প্রাপ্ত সব মুনাফা ওই শিশুটির চিকিৎসায় খরচ করা হবে বলে জানান সংগঠনটির সাধারণ সম্পাদক রেজওয়ানুল ইসলাম রাহাত।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেনন রেজওয়ানুল ইসলাম রাহাত ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট’ নামক এক জটিল রোগে আক্রান্ত এক বছর বয়সী শিশু তাহসিনের চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য ‘স্বপ্নোত্থান বইমেলা- ২০২৩’ আয়োজন করতে যাচ্ছে। মেলার প্রতিপাদ্য ‘জ্ঞানগর্ভে হৃৎস্পন্দন’। আগামী ৩ অক্টেবর ক্যাম্পাসের অর্জুনতলায় এ মেলার উদ্বোধন করা হবে; চলবে ১৪ অক্টেবর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা এবং ছুটির দিনে দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ মেলা বসবে।

এতে ১৯টি নামকরা প্রকাশনীর স্টল থাকবে। এর মধ্যে রয়েছে-প্রথমা, সময়, শ্রাবণ, মাওলা ব্রাদার্স, বাতিঘর, বিশ্বসাহিত্য কেন্দ্র, রোদেলা, কথাপ্রকাশ, ইউপিএল, শিখা, চৈতন্য, কালান্তর, পাপড়ি, নাগরী, অন্বেষা, রুশদা, অনন্যা, আগামী ও অনুপম। ’

সংগঠনটির সভাপতি আব্দুল্লা আল সাইফ বলেন, ‘সবার সহযোগিতায় বইমেলা সুন্দরভাবে সম্পন্ন হবে এটাই প্রত্যাশা করছি। এতে আমরা একটি শিশুর মুখে হাসি ফোটাতে পারব।’

এসময় স্বপ্নোত্থানের সিনিয়র সহ-সভাপতি খন্দকার ইনজামামুল হক, সহ-সভাপতি আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

এএস // জনি

শেয়ার করুন