২৭ সেপ্টেম্বর ২০২৩
শাবিপ্রবি সংবাদদাতা :
দেশসেরা ওপেনার তামিম ইকাবালকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তামিমভক্ত শিক্ষার্থীরা। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনের ‘তামিমপ্রেমী সাস্টিয়ান’-এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, তামিম ইকবাল বাংলাদেশের অভিজ্ঞ একজন খেলোয়াড় ও দেশসেরা ওপেনার। ক্রিকেট ইতিহাসে জীবন্ত এক কিংবদন্তি তিনি । ইনজুরি কাটিয়ে তিনি আবারো ক্রিকেটে ফিরেছেন, কিন্তু অবাক করার বিষয় তাকে বিশ্বকাপ দলেই রাখা হয় নি। এতে আমরা হতবাক হয়েছি। তামিম ছাড়া বিশ্বকাপ দল পূর্ণতা পায় না।
বক্তরা আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর অভ্যন্তরীণ নোংরা রাজনীতির ফলে তাকে দলে রাখা হয় নি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা ইতোমধ্যে দেখেছি বাংলাদেশ টিমে ওপেনিংয়ে অনেক খেলোয়াড়কে খেলানো হয়েছে, তবে কেউ সফল হতে পারেন নি। কিন্তু এই জায়গায় তামিম পরীক্ষিত৷ বিশ্বকাপে তাকে ছাড়া ওপেনিং পরিপূর্ণতা পাবে না। এসময় তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য পেশ করেন, সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী এন এম রাসেল, বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. উজ্জ্বল মিয়া, একই বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী কাউচার আহমেদ সোহাগ।
এএস // আতারা