২৭ সেপ্টেম্বর ২০২৩
স্পোর্টস ডেস্ক :
বিশ্বকাপ স্কোয়াডে দেশসেরা ওপেনার থাকবেন না,কিছুতেই যেন এটা মেনে নিতে পারছেন না তামিম ভক্তরা । কারণ, দুই দিন আগেও বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনায় ছিলেন তামিম ইকবাল। অথচ দল ঘোষণার আগের দিন মিডিয়া পাড়ায় চাওর হয়, স্কোয়াডে জায়গা হবে না তামিমের। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে। দুই দিন আগেই দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সবচেয়ে বড় চমক তামিম ইকবালের জায়গা না পাওয়া। নির্বাচকদের ব্যাখ্যা— চোটের কারণে এ অভিজ্ঞ ওপেনারকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হয়নি।
‘গুঞ্জন আছে, তামিম বিশ্বকাপে ৫ ম্যাচের বেশি খেলতে পারবেন না— এমন শর্ত দেওয়ায় তাকে দলে রাখা হয় নি।’ তবে, তামিম ভিডিও বার্তায় এমন কথা উড়িয়ে দিয়েছেন।
তিনি বলেন, ‘যখন খেলা শেষ হলো আমি আমার অবস্থা বললাম ফিজিওকে যে, আমি এমন অনুভব করছি। ঠিক ওই মুহূর্তে তিনজন নির্বাচক ড্রেসিংরুমে আসে। একটা জিনিস আপনাদের একদম পরিষ্কার করে দিতে চাই। আমি কোনো সময়, কোনো মুহূর্তে, কাউকে বলি নি যে পাঁচটা ম্যাচের বেশি খেলতে পারব না।’
তামিম বলেন, ‘আমি নিশ্চিত কালকে নান্নু ভাইও কথাটা ক্লিয়ার করছে। আমি জানি না এই কথাটা মিডিয়াকে খাওয়ানো হলো বা কে করছে, কিন্তু এই জিনিস একদমই মিথ্যা। যে জিনিস আমি নির্বাচকদের বলেছিলাম যে আমার শরীর এরকমই থাকবে। এখন যেরকম অবস্থায় আছে। আমার ব্যথা থাকবে। আপনারা যখন দলটা নির্বাচন করবেন, তখন এটা মাথায় রাখবেন।’
এএস // আতারা