২৭ সেপ্টেম্বর ২০২৩
হবিগঞ্জ সংবাদদাতা :
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জেরে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছেন ২জন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক দশটায় হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরশহরের মাছবাজার এলাকায় এ ঘটনা ঘটে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে।
আহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের নয়ানগর গ্রামের হরিলাল দাসের পুত্র অরুপ দাস(২০) ও পৌরসভার আজিমনগর (মুন্সিহাটি) নতুন বাড়ীর বাসিন্দা আব্দুল হাকিম মিয়ার পুত্র নুর আলম (৩৫) ।
আটককৃতরা হলেন, উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের প্রভাস চন্দ্র দাসের পুত্র প্রান্ত দাস (১৯), একই গ্রামের অমরেশ তালুকদারের পুত্র সাজু তালুকদার (১৯) এবং সুনামগঞ্জের শাল্লা উপজেলার বিষ্ণুপুরের জীবেন্দ্র বৈষ্ণবের পুত্র প্রজিত বৈষ্ণব।
জানা গেছে,কিছুদিন পূর্বে সদর ইউনিয়নের নোয়ানগর গ্রামের বাসিন্দা মনিন্দ্র দাসের পুত্র রাসেল দাস (২০) সাজু তালুকদারের এক আত্মীয়াকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। ওই আইডিটি সাজু তালুকদারের মোবাইলে লগইন থাকায় বিষয়টি সাজু তালুকদার জানতে পেরে মেসেঞ্জারে রাসেল দাসকে গালগালি করেন। এরই জের ধরে সাজু তালুকদার বুধবার বিকালে তার বন্ধু প্রান্ত দাসকে সাথে নিয়ে আজমিরীগঞ্জ সদরে আসেন। সদরে আসার পর আজমিরীগঞ্জ কলেজে পড়ুয়া তার আরও কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে রাত সাড়ে নয়টার দিকে আজমিরীগঞ্জ বাজারে রাসেল দাসের কর্মস্থানের সামনে (মাছবাজারে ) রাসেল দাস ও অরুপ দাসকে মারপিট করে। এসময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধলে অরুপ দাস ও নুর আলম মিয়া আহত হন।
আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক ভুপেন্দ্র বর্মন জানান, আকটকৃতরা এইচ এস সি পরিক্ষার্থী। বদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উভয়পক্ষের সম্মতিতে সালিশে বিষয়টি নিস্পত্তি করবেন বলে মুচলেখা দেয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে।
এএস // আতারা