২৬ সেপ্টেম্বর ২০২৩
স্পোর্টস ডেস্ক :
অবশেষে যেন সেই গুঞ্জনগুলো-ই সত্যি হতে চলেছে । বিসিবির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে থাকছেন না অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। অবসর ভেঙে নাটকীয়ভাবে প্রত্যাবর্তন করা দেশসেরা এই ওপেনারকে ছাড়াই টাইগার স্কোয়াড গড়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
একটু আগে জানা গেছে, পুরোপুরি ফিট না হওয়ায় তামিমকে বিশ্বকাপ দলে না রাখার সিদ্ধান্ত হয়েছে। তামিমের বদলে জুনিয়র তামিম অর্থাৎ তানজিদ হাসান তামিমকে ওপেনার হিসেবে নিয়ে যাওয়া হবে বিশ্বকাপে। লিটন দাসের সঙ্গে তারই ওপেন করার কথা।তবে দলের নেতৃত্বে থাকছেন সাকিব আল হাসান।
বিভিন্ন সূত্রের খবর, গতকাল তামিম ইকবাল নির্বাচকদের বলেছেন, যদি তাকে বিশ্বকাপ দলে নেওয়া হয়, তাহলে শতভাগ ফিট নন এটা মেনে নিয়েই নিতে হবে। দলে থাকলে তিনি তার সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন। তবে তার পিঠের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে এনেছেন। সে কারণে নির্দিষ্ট করে ৫টি ম্যাচ খেলতে চাওয়ার কথা জানিয়েছিলেন তামিম।
বিষয়টি জানার পর আপত্তি তোলেন সাকিব। তিনি বলেছেন, আনফিট কিংবা হাফ-ফিট কেউ দলে থাকলে তিনি বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন না। বিষয়টি নিয়ে গতকাল রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় আলোচনায় বসেন সাকিব ও হাথুরুসিংহে। সেখানকার আলোচনায় কী সিদ্ধান্ত হয়েছে সেটি প্রকাশ্যে আসেনি। তবে সাকিবের মতোই কোচও আনফিট তামিমকে চান না বলে জানা গেছে।
শেষ পর্যন্ত তামিমকে বাদ দিয়েই বিশ্বকাপ পরিকল্পনা করতে হচ্ছে বিসিবিকে।
এএস // আতারা