২০ সেপ্টেম্বর ২০২৩


একাদশে ভর্তির ৩য় ধাপে আবেদন শুরু আজ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজ। বুধবার সকাল ৮টা থেকে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন। মোবাইল ব্যাংকিংয়ে ১৫০ টাকা ফি পরিশোধের পর এ আবেদন করা যাবে। তৃতীয় ধাপে আবেদন চলবে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত। এ ধাপের ফল প্রকাশ করা হবে ২৩ সেপ্টেম্বর। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়নের সুযোগ দেওয়া হবে। এরপর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি যদি সময়সীমা না বাড়ায়, তাহলে আর কারও আবেদন এবং কলেজে ভর্তির সুযোগ থাকবে না।

এদিকে, দ্বিতীয় ধাপে আবেদন করেও কলেজ পাননি ২২ হাজারের বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে রয়েছেন জিপিএ-৫ পাওয়া ২ হাজার ২৯১ জন শিক্ষার্থীও। কলেজে ভর্তি হতে তাদের পুনরায় তৃতীয় বা শেষ ধাপে আবেদন করতে হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সূত্র জানায়, দ্বিতীয় ধাপে ২ লাখ ৯৪ হাজারের কিছু বেশি শিক্ষার্থী আবেদন করেন। তাদের মধ্যে কলেজ পেয়েছেন ২ লাখ ৭২ হাজার ৮৭০ জন। এ ধাপেও কলেজ না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজারের বেশি। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ২ হাজার ২৯১ জন। প্রথম ধাপে কলেজ পাওয়াদের মধ্যে ২৩ হাজার শিক্ষার্থী মাইগ্রেশনে নতুন কলেজ পেয়েছেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি- তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষ করবো। বিশেষ প্রয়োজনে বাড়ানো হয়ে থাকে। সেটা বোর্ড কর্তৃপক্ষ সার্বিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেন। এবার এখনো সময়সীমা বাড়ানো নিয়ে কোনো আলোচনা হয়নি। সেজন্য যারা এখনো আবেদন করেনি, তাদের এ ধাপে আবেদন করে ফেলা উচিত হবে।’ একইসঙ্গে পছন্দক্রমে বেশি কলেজ রাখার পরামর্শও দেন তিনি।

একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর, যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। চলতি বছর বিভিন্ন কলেজে শিক্ষার্থী ভর্তির ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। ভর্তির সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা। ভর্তি শেষে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

শেয়ার করুন