১১ সেপ্টেম্বর ২০২৩


সিলেটে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত

শেয়ার করুন

বিয়ানীবাজার সংবাদদাতা : সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার উপজেলাধীন চারখাই এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফখরুল ইসলাম (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু ঘটেছে।রোববার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফখরুল সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের পারকুল বড়বাড়ির মৃত রইছ মিয়ার ছেলে। তিনি রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয় একটি সূত্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফখরুল ইসলাম কানাইঘাট থেকে সিএনজি অটোরিকশাযোগে সিলেট নগরে আসছিলেন। রাত ৮টার দিকে অটোরিকশাটি সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ফখরুলসহ তিনজন।

আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে ফখরুল ইসলাম মারা যান। আহত বাকি দুজন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

শেয়ার করুন