৫ সেপ্টেম্বর ২০২৩
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : আজমিরীগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে ৭ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস।
কৃষি অফিস জানিয়েছে, উপজেলার ৫টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ৩৫ থেকে ৪০টি হাওর আমন চাষের জন্য উপযুক্ত। কৃষকেরা বীজতলা থেকে চারা দোগাছি করে আবাদকৃত জমিতে চারা রোপণ করতে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত হাওরে কাজ করে যাচ্ছেন।
উপজেলার সদর ইউনিয়নের রনিয়া গ্রামে কালনী কুশিয়ারার তীরে বীজতলা থেকে চারা উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন নারী শ্রমিকেরা।
রনিয়া গ্রামের হারিছ মিয়ার স্ত্রী হারিছুন নেছা নামে এক নারী শ্রমিক বলেন, স্বামী স্ত্রী কাম (কাজ) করেই সংসার চালাচ্ছি। এখন দু’সপ্তাহ ধরে চারা উত্তোলনের কাজে এসেছি ৩০০ টাকা করে সারাদিনে তিন জস্টি (শতক) চারা উত্তোলন করতে পারি। রৌদ্রের তাপ বেশি তারপরও কষ্ট করে করতে হয় জিনিসপত্রের যে দাম তাছাড়া চারা উত্তোলনের কাজ বেশিদিন পাব না। তাই একটু বেশিই পরিশ্রম করতে হয়। সকাল ৭টায় আসি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কাজ করি।
রোপা আমনের বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কেশব দাস জানান, এ বছর রোপা আমনের চাষযোগ্য জমির লক্ষ্যমাত্রা সাড়ে ৭ হাজার হেক্টর নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ১ হাজার ৮০০ জমি রোপণ করা হয়েছে। কৃষকেরা দিনরাত কঠোর পরিশ্রম করে জুম চাষে লেগে পড়েছে। আমরা আশা করছি চলতি মাসের মধ্যেই লক্ষ্যমাত্রা পূরণ হবে।