প্রথম পর্যায়ে সিলেট বিভাগের ৫৭ জন নারী উদ্যোক্তাকে স্মার্ট কার্ডের মাধ্যমে ঋণের আওতায় আনা হয়েছে এবং তাদেরকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।
এবি ব্যাংকের উদ্যোগে রবিবার ২৭ আগস্ট দুপুরে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মশালা এবং স্মার্ট কার্ডের মাধ্যমে সহজে ঋণ বিতরণ কার্য্যক্রম অনুষ্ঠিত হয়।
এবি ব্যাংকের হেড অব বিজনেস (কর্পোরেট এন্ড এসএমই) ইফতেখার এনাম আওয়ালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেট-এর নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল।বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আমিনুর রহমান।
উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন শামসুন্নাহার সুমা, তপতী রানী দাস, গীতা দেব রায় প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম বলেন, যে কোন দেশের অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করে এসএমই সেক্টর। যে কোন দেশের অর্থনৈতিক সফলতা আসে এসএমই সেক্টর থেকে। এজন্যে এসএমই উদ্যোক্তাদের সহযোগিতার জন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। প্রত্যেক ব্যাংকে নারী উদ্যোক্তাদের জন্য আলাদা উইং তৈরির জন্য বলা হয়েছে। এবি ব্যাংকের মতো অন্যান্য বাণিজ্যিক ব্যাংক উদ্যোক্তাদের ঋণ প্রদান সহজীকরণ করলে দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হবে অর্থনীতিতে স্বনির্ভর।
তিনি বলেন, জাতীয় শিল্পনীতি ২০১৬-তে বলা হয়েছে, এসএমই খাতে ঋণের কমপক্ষে ১৫ শতাংশ নারী উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে হবে। কিন্তু এখন পর্যন্ত মোট ঋণের মাত্র ৫ শতাংশের কম পেয়েছেন নারী উদ্যোক্তারা। তাই নারীদের ঋণ গ্রহণে উৎসাহিত করতে স্বল্প সুদে, সহজ শর্তে বিনা জামানতে নারী উদ্যোক্তারা যাতে ঋণ নেতে পাওে সেই ব্যবস্থা করা হয়েছে।