২৬ আগস্ট ২০২৩
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় কাণু সাঁওতাল (৪৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন। নিহত কাণু সাঁওতাল বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের গুটিবাড়ি এলাকার লক্ষ্মণ সাঁওতালের ছেলে।
শুক্রবার রাতে উপজেলার মিরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই রাহুল আমীন বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে বলেন, কাণু সাঁওতাল রাতে মহাসড়কের ফুটপাত ধরে হাঁটছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি থাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের পাঠানো হয়েছে বলেও জানান তিনি।