২৫ আগস্ট ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের জাফলংয়ে পানিতে পড়ে রমিজ উদ্দিন (৫৫) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে। নিখোঁজ রমিজ উদ্দিন মানিকগঞ্জের দলাই গ্রামের বিন্দু মিয়ার ছেলে।
শুক্রবার দুপুরে জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে গিয়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রমিজ উদ্দিনসহ তার এলাকার ৫০ জনের একটি গ্রুপ শুক্রবার সকালে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে রমিজ গ্রুপের অন্যান্যদের সাথে জাফলংয়ের জিরো পয়েন্টে নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে পর্যটকরা স্রোতের টানে পানিতে ডুবে যাচ্ছেন দেখে স্থানীয়রা বাকিদের উদ্ধার করতে সক্ষম হলেও রমিজ উদ্দিন পানিতে তলিয়ে যান।
রমিজ উদ্দিনের সাথে আসা লুৎফুর উদ্দিন জানান,রমিজসহ গ্রুপের অন্যান্যরা গোসল করার জন্য পানিতে নামলে স্রোতের টানে রমিজ পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে জাফলং ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রমিজ উদ্দিনের সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি মো. রতন শেখ জানান, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। নিখোঁজ পর্যটকের সন্ধান না পাওয়া পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।
প্রয়োজনে ফায়ার সার্ভিসে সহযোগিতা নেওয়া হবে জনিয়ে তিনি আরও বলেন, টুরিস্ট পুলিশের পক্ষ থেকে পানিতে না নামার জন্য একাধিক সতর্কতামূলক সাইনবোর্ড টানানো হলেও তা আমলে না নিয়েই অনেক পর্যটক অতি উৎসাহী হয়ে নদীর পানিতে গোসল করতে নামে। এতে করেই বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনাগুলো ঘটে থাকে।