২৪ আগস্ট ২০২৩
ডেস্ক রিপোর্ট : প্রথমবারের মতো সিলেট সফরে এসেছেন বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তার কর্মসূচির অংশ হিসেবে ইতিমধ্যেই শহরতলীর লাক্কাতুরা চা বাগানের পাশে লাক্কাতুরা ব্র্যাক স্কুল পরিদর্শন করেন।
ব্র্যাকের সিলেট জেলা সমন্বয়ক অনিক আহাম্মেদ অপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিলেট পৌঁছে এক টুইট বার্তায় ব্রিটিশ হাইকমিশনার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সাড়ে তিন মাসের বেশি সময় বাংলাদেশে কাটানো নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার প্রথমবার সিলেট সফর করলেন। পরিদর্শনকালে ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তারা তাঁর সাথে ছিলেন।
টুইট বার্তায় সারাহ কুক লিখেছেন, ব্রিটিশ হাইকমিশনার হিসেবে প্রথমবারের মতো সিলেটে এসে আনন্দিত। সিলেট পরিদর্শনের সময় আমি এখানে বিদ্যমান ব্রিটেন ও বাংলাদেশের ‘বন্ধন’ দেখার অপেক্ষায় আছি।
হাইকমিশনার ব্র্যাক স্কুলে ক্লাস পর্যবেক্ষণ করেন এবং স্কুলে ফিরে আসার বিষয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা শোনেন। তিনি স্কুলের শিক্ষক, কর্মচারী, অভিভাবক এবং স্কুল পরিচালনা কমিটির সদস্যদের অভিবাদন জানান এবং স্কুলের চলমান কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।
সারাহ কুক তার সন্তুষ্টি প্রকাশ করে বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় সহায়তা করতে পেরে গর্বিত, বিশেষ করে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে।
উল্লেখ্য, সাবেক ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের স্থলাভিষিক্ত হয়ে গত ৩০ এপ্রিল নতুন হাইকমিশনারের দায়িত্ব পালনের জন্য ঢাকায় আসেন সারাহ কুক।
এর পর গত ৮ জুন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেন নতুন হাইকমিশনার কুক। কুক ২০১২-১৬ সালে বাংলাদেশে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ছিলেন।