২৬ আগস্ট ২০২৩


শতবর্ষের ঐতিহ্য চা শিল্পাঞ্চলের ডাকঘর

শেয়ার করুন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শতবর্ষের স্মারক হিসেবে স্বমহিমায় এখনও দাঁড়িয়ে আছে শ্রীমঙ্গলের কালিঘাট চা বাগানে অবস্থিত ডাকঘরটি। চলতি বছর যার পূর্ণ হলো ১০০ বছর।

১৯২৩ সালে কালীঘাট চা বাগানে ডাকঘরটি প্রতিষ্ঠা করা হয়। নাম দেওয়া হয় কালীঘাট পোস্ট অফিস। শতবর্ষ পূর্ণ করে এখনও সেবার মান অক্ষুণ্ণ রেখেছে পোস্ট অফিসটি।

একটা সময় ছিল, যখন মানুষ ডাকঘরের মাধ্যমে তাদের প্রিয় মানুষদের কাছে চিঠি আদান-প্রদান করে যোগাযোগ রক্ষা করতো। ফলে যোগাযোগের মাধ্যম হিসেবে চিঠি আদান-প্রদানে রানার, ডাক পিয়ন, পোস্টমাস্টারসহ অন্য কর্মচারীরা ব্যস্ত সময় পার করতেন। কিন্তু সময় বদলের সঙ্গে সঙ্গে হাতে লেখা চিঠি তার স্বকীয় জৌলুস হারিয়েছে।

চিঠির পরিবর্তে এখন তাৎক্ষনিক যোগাযোগ রক্ষা করছে ই-মেইল, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। স্বজনের কাঙ্খিত চিঠির অপেক্ষায় থাকার সেই মহেন্দ্রক্ষণ হারিয়ে গেলেও এমনই একটি ডাকঘরের দেখা মিলবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

জানা যায়, বাংলাদেশে প্রথম চায়ের চারা রোপণ করা হয় ১৮৪০ সালে অবিভক্ত ভারতে চট্টগ্রামের কোদালায়। এরপর ১৮৫৪ সালে প্রথম বাণিজ্যিক চা-বাগান প্রতিষ্ঠা করা হয় সিলেটের মালনিছড়ায়। দেশের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের চা-বাগানগুলোতে যখন প্রথম আবাদ শুরু হয় তখন চা-বাগানের আবাদ ব্যবস্থাপনার দায়িত্বে সুদূর যুক্তরাজ্য থেকে আসেন কর্মকর্তারা। তাদের বলা হতো ‘সাহেব’।

তৎকালীন সিলেট অঞ্চলের চা-বাগানগুলোর সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ প্রায় না থাকায় সাহেবরা চা-বাগানে অনেকটা নির্বাসনের মতো বসবাসে বাধ্য হতেন। যুক্তরাজ্যে বসবাসরত সাহেবদের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ডাকঘর। সে সময় একটি চিঠি সিলেট অঞ্চল থেকে যুক্তরাজ্যে পৌঁছাতে সময় লাগত মাসাধিককাল। কখনও আরও বেশি।

একটি ডাকঘরের প্রয়োজনীয়তা অনুভব করে সাহেবরা ১৯২৩ সালে ডাক বিভাগ চট্টগ্রামের তত্ত্বাবধানে বর্তমান মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জেমস ফিনলে টি কোম্পানির কালীঘাট চা-বাগান হাসপাতালের উল্টোদিকে রাস্তার পাশে প্রতিষ্ঠা করেন ‘কালীঘাট পোস্ট অফিস’, যার কোড নম্বর-৩২১২।

তথ্যানুসন্ধানে জানা যায়, ডাকঘরটি দেশের চা শিল্পাঞ্চলে স্থাপিত প্রথম ডাকঘর। প্রতিষ্ঠার পর এটি হয়ে ওঠে চা আবাদের সঙ্গে সংশ্লিষ্ট সাহেব ও ভারতের বিভিন্ন প্রদেশ থেকে এ দেশে আসা চা-শ্রমিকদের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনার একমাত্র অবলম্বন। দ্রুততম সময়ের মধ্যে চা শিল্পাঞ্চলে কর্মরত সাহেব ও কর্মচারীদের বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে ওঠে ডাকঘরটি।

স্থানীয় চা-শ্রমিক সন্তান সুরেশ কৈরী বলেন, আমরা কখনও চাকরির আবেদন করলে এই ডাকঘরে চিঠি আসে। পিয়ন বাড়িতে দিয়ে যায়। এখানে ডাকঘরটি থাকায় আমাদের এই সুবিধাটা হয়।

আরেক চা-শ্রমিক সন্তান রাজন গোয়ালা বলেন, আমাদের বাপ-দাদার আমলের এই ডাকঘর এখনও শতবর্ষের ঐতিহ্য নিয়ে আগের মতোই টিকে আছে।

স্থানীয় সংস্কৃতিকর্মী রাজেশ ভৌমিক বলেন, আধুনিকতার ছোঁয়ায় মানুষ আজ ঘরে বসে সবকিছু করছে। আগে চিঠির মাধ্যমে মনের ভাবগুলোকে কলমের কালির ছোঁয়ায় প্রকাশ করতো। কিন্তু এখন আমরা ভুলে গেছি আমাদের অনেক পুরোনো ঐতিহ্যকে। এই ঐতিহ্যগুলোকে টিকিয়ে রাখতে হবে আমাদেরই।

শ্রীমঙ্গল প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন বলেন, চা-শিল্পাঞ্চলের প্রথম পোস্ট অফিস হিসেবে কালীঘাট পোস্ট অফিসের আলাদা এক মর্যাদা রয়েছে। শতবর্ষের ঐতিহ্যবাহী এ পোস্ট অফিসে রাজস্ব খাতে ডিপার্টমেন্টাল একজন সাব-পোস্টমাস্টার আছেন। একজন পোস্টম্যান ও একজন রানার আছেন। এটা মূলত বাগানের তত্ত্বাবধানে আছে। শতবর্ষের ঐতিহ্য নিয়ে এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ পোস্ট অফিসে আগের মতো এখন চিঠিপত্র না এলেও লাল রঙের টিনের তৈরি ডাকঘরটি ঐতিহ্যের স্মারক হিসেবে দ্যুতি ছড়িয়ে যাচ্ছে চা শিল্পাঞ্চলে।

শেয়ার করুন