২৩ আগস্ট ২০২৩


লাখ টাকার জাল নোট ২০ হাজারে বিক্রি : রাজধানীতে র‌্যাবের খাচায় ৪ সদস্য

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : প্রায় অর্ধকোটি টাকার মূল্যমানের জাল নোটসহ হোতা মো. আমিনুল হক ওরফে দুলালসহ চক্রের চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- মোহাম্মদ আমিনুল হক ওরফে দুলাল (৪৩), আব্দুর রাজ্জাক ওরফে দিদার (৩০), মো. সুজন আলী (৪০) এবং মোহাম্মদ সাকিবুল হাসান (২১)।

এ সময় তাদের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকার মূল্যমানের জাল নোট (যার মধ্যে ১০০০, ৫০০ ও ১০০ টাকা সমমানের জাল নোট), একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, ১১টি টোনার ও কার্টিজ, একটি পেনড্রাইভসহ জালনোট তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, চক্রটি প্রতি লাখ টাকা মূল্যের জাল নোট ২০-২৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করত। চক্রটি মাছ বাজার, লঞ্চ ঘাট, বাস টার্মিনালসহ বিভিন্ন মার্কেটে নানান কৌশল অবলম্বন করে জাল নোট সরবরাহ করত।

সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, একটি প্রতারক চক্র প্রায় এক বছর ধরে জাল নোট তৈরি করে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। এই চক্রটি জাল নোটের ব্যবসা করে সাধারণ মানুষকে প্রতারিত করে অর্থ হাতিয়ে নিচ্ছে। র্যাব প্রতারক চক্রের সদস্যদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার রাতে র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর ডেমরা, সবুজবাগ ও খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে জাল নোট তৈরি চক্রের সদস্যদের গ্রেফতার করে।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

শেয়ার করুন