২২ আগস্ট ২০২৩


রোগীর মৃত্যুকে ঘিরে ওসমানী হাসপাতালে ভাংচুর : আটক ৪

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা ও ভাংচুরের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

হলেন- আটককৃতরা হলেন সিলেটের দক্ষিণ সুরমা মোগলাবাজার থানাধীন কুচাই নোয়াগাও এলাকার সাহাব উদ্দিনের ছেলে জুবেল আহমদ (২৭), জুয়েল আহমদ (২৩), সাবেল আহমদ (২১) ও একই গ্রামের মৃত বাতির আলীর ছেলে আব্দুল মালিক (৫৪)।

সোমবার (২১ আগস্ট) বিকেল পাঁচটার দিকে এক রোগীর মৃত্যুর ঘটনা নিয়ে হাসপাতালে ভাংচুর চালান রোগীর স্বজনরা। স্বজনদের অভিযোগ- সুচিকিৎসা না পেয়ে ওই রোগী মারা গেছেন।

জানা গেছে, রবিবার (২০ আগস্ট) করোনারি সমস্যা নিয়ে এক রোগী ওসমানী হাসপাতালে ভর্তি হন। সোমবার বিকেলে তিনি মারা যান। এ সময় রোগীর সঙ্গে থাকা লোকজন ও স্বজনেরা উত্তেজিত হয়ে পড়েন। তারা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে ৩৫ নম্বর ওয়ার্ডে ভাংচুর করে গ্লাস, চেয়ার, টেবিল, ইজিসি মেশিনসহ বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম ভাংচুর করেন।

হামলাকারীরা অনেক ওষুধও বিনষ্ট করার পাশাপাশি দায়িত্বরত শিক্ষানবিশ চিকিৎসকদের হেনস্তা করেন। খবর পেয়ে পুলিশ সেখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৪ জনকে আটক করে।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ সিলেট মহানগরের কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রে প্রকাশ।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার মো. আজবাহার আলী শেখ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, হামলা ও ভাংচুরের প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসক পরিষদ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখা ‘কর্মক্ষেত্রে নিরাপত্তা চাই’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে।

সোমবার রাত আটটার দিকে পরিষদের সভাপতি মো. রাকিব হোসেন ও সাধারণ সম্পাদক সীমান্ত মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোগীর স্বজন নামধারী কতিপয় সন্ত্রাসী ৩৫ নম্বর ওয়ার্ডে তাণ্ডব চালায়। তারা শিক্ষানবিশ চিকিৎসকদের ক্রমাগত ভয়ভীতি প্রদর্শন, হুমকি প্রদান এবং শারীরিক হেনস্তা করার চেষ্টা চালায়। এ ছাড়া তারা কর্তব্যরত চিকিৎসকদের কক্ষ ও নার্সেস স্টেশনে ব্যাপক ভাঙচুর করে। এ ঘটনা প্রমাণ করে হাসপাতালে চিকিৎসকদের কোনো সুস্থ কর্মপরিবেশ নেই এবং পর্যাপ্ত নিরাপত্তা নেই।

তবে ধর্মঘট ডাকা শিক্ষানবিশ চিকিৎসকের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে বলে জানিয়েছেন ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া।

শেয়ার করুন