১৮ আগস্ট ২০২৩
আজকের সিলেট ডেস্ক : দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ আরও কমেছে। বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি মেনে রিজার্ভের নতুন হিসাব প্রকাশ করেছে। একইসঙ্গে নিজেদের হিসাবও প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ দুই হিসাবে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে রিজার্ভ।
গত বুধবারের তারিখ দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ হিসাব প্রকাশ করা হয়।
আইএমএফের হিসাবে বর্তমানে দেশের খরচ করার মতো রিজার্ভ রয়েছে ২ হাজার ৩১১ কোটি ৪০ লাখ ডলার। এক সপ্তাহ আগে ছিল ২ হাজার ৩২৬ কোটি ডলারের কিছু বেশি। সে হিসাবে এক সপ্তাহে রিজার্ভ কমেছে ১৫ কোটি ডলার।
অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ দেখানো হয়েছে ২ হাজার ৯৩৮ কোটি ২২ লাখ ৮০ হাজার ডলার, যা গত সপ্তাহে ছিল ২ হাজার ৯৫৩ কোটি ৬৩ লাখ ডলার।
আইএমএফের হিসাব অনুযায়ী, দেশের যে রিজার্ভ আছে তা দিয়ে প্রায় ৪ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।
এর আগে গত ১৩ জুলাই প্রথমবার আইএমএফের হিসাব মেনে রিজার্ভের পরিমাণ প্রকাশ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। তখন রিজার্ভ ছিল ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার আর কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব মতে রিজার্ভ ছিল ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার।