১৭ আগস্ট ২০২৩
বিনোদন ডেস্ক : বহুল আলোচিত ২০০ কোটি রুপির আর্থিক কেলেঙ্কারির মামলায় বেশ স্বস্তি পেলেন বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ। সবচেয়ে বড় খবর, এখন থেকে জ্যাকুলিন চাইলে দেশ ছাড়তে পারবেন। দেশ ছাড়ার জন্য আগে থেকে তাকে আর আদালতের অনুমতি নিতে হবে না। এখন থেকে জ্যাকুলিনকে দেশ ছাড়ার জন্য তিন দিন আগে জানালেই চলবে বলে জানিয়ে দিয়েছেন দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট।
এর আগে জ্যাকুলিনকে বিদেশ ভ্রমণের জন্য আগে থেকে আদালতের অনুমতি নিতে হতো। আদালত জানিয়েছেন, জ্যাকুলিন ফার্নান্দেজ তার জামিনের শর্তের অপব্যবহার করেননি। আদালত উল্লেখ করেছেন, এখন পর্যন্ত জ্যাকুলিনের জামিনের শর্ত লঙ্ঘনের কোনো উদাহরণ কখনোই পাওয়া যায়নি।
আদালত থেকে জানানো হয়, জ্যাকুলিন যেহেতু ভারতীয় চলচ্চিত্র তারকা, তাই তাকে ঘন ঘন বিদেশ যেতে হয়। না হলে তার অনেক সুযোগ বন্ধ হয়ে যেতে পারে। তাই এখন থেকে জ্যাকুলিন স্বল্প নোটিশেই দেশ ছাড়তে পারবেন। দেশ ছাড়ার আগে পূর্বানুমতি নেয়া অভিনেত্রী হিসেবে তার কাছে অনেকটাই সমস্যার হয়ে ওঠে। এ ক্ষেত্রে তাকে বহু কাজ হারাতে হতে পারে।
উল্লেখ্য, ২০০ কোটি রুপির আর্থিক তছরুপের মামলায় ২০২২-এর ১৫ নভেম্বর জামিন পেয়েছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। জামিনের শর্ত ছিল জ্যাকুলিন দেশ ছাড়লে আদালতকে আগাম জানাবেন। সম্প্রতি সেই শর্তই শিথিল করার জন্য আদালতে আবেদন করেন জ্যাকুলিন। তার আবেদনের প্রেক্ষিতে আদালত জামিনের শর্ত শিথিল করেন। কারণ হিসেবে জানান, তাকে পেশার স্বার্থে প্রায়ই বিদেশ ভ্রমণ করতে হয়।
বলিউডে কাজ করলেও জ্যাকুলিন ফার্নান্দেজ একজন শ্রীলঙ্কার অভিনেত্রী এবং মডেল। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। একই সঙ্গে ২০০৬ সালে তিনি মিস ইউনিভার্স শ্রীলঙ্কার মুকুট জেতেন। ২০০৯ সালে ‘আলাদিন’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। তারপর বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। কাজ করেছেন সালমান খান, অক্ষয় কুমার, সাইফ আলী খান, বরুণ ধাওয়ানসহ অনেক জনপ্রিয় অভিনেতার সঙ্গে। বলা যায়, বর্তমানে তিনি হিন্দি সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী।