২৯ জুলাই ২০২৩
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জ আদালত প্রাঙ্গনে নিউজ সংগ্রহকালে সিলেটভিউ ‘র নিজস্ব প্রতিবেদক (সুনামগঞ্জ) ও আরটিভির প্রতিনিধি শহীদনূর আহমেদকে প্রাণনাশের প্রতিবাদ ও রাজনা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জুলাই) দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় গণমাধ্যম দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সাংবাদিকবৃন্দ।
এসময় সাংবাদিকরা বলেন, দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলা নির্যাতন আশঙ্কাজনক হারে বেড়েছে। যা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন হুমকিস্বরূপ। দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের বিচার দাবি করেন তারা। স্কুলছাত্রী রাজনা হত্যার সাথে জড়িত সালমান মিয়া’র দৃষ্টান্ত শাস্তির পাশাপাশি সাংবাদিক শহীদনূরকে হুমকির তদন্তের দাবি করেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক সিনিয়র সাংবাদিক বিজন সেন রায়, ৭১ টেলিভিশনেন প্রতিনিধি শামস শামীম, সিনিয়র সাংবাদিক শামছুল কাদির মিসবাহ, সাজ্জাদ হোসেন, জয়ন্ত সেন, হাবিবুল্লাহ হেলালী, আব্দুল্লাহ আল মামুন, শংকর দত্ত প্রমুখ।
প্রসঙ্গত গত শুক্রবার স্কুল ছাত্রী রাজনা হত্যারা সাথে জড়িত চাচাতো ভাই সালমান মিয়াকে গ্রেফতার করে আদালতে নিয়ে আসে শান্তিগঞ্জ থানা পুলিশ। আদালত প্রাঙ্গনে ফুটেজ তোলার সময় সাংবাদিক শহীদনূরের দিকে বার বার তেড়ে আসেন অভুক্ত সালমান। এসময় সাংবাদিক শহীদনূরকে হত্যার হমুকি প্রদান করেন। স্কুলছাত্রী রাজনা হত্যার পর থেকে সরজমিনে নিউজ সংগ্রহ করে আসছিলেন এই সাংবাদিক। তাই ফুটেজ তোলার সময় ক্ষব্দ হন হত্যায় অভিযুক্ত সালমান মিয়া।