২৬ জুলাই ২০২৩
ক্রীড়া ডেস্ক : ক্লাব ফুটবলে বিদেশি ফুটবলারের কোটা কমানোর দাবি করেছিলেন বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্যরা। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সভাপতি কাজী সালাউদ্দিন তা নাকচ করে দিয়েছেন।
মঙ্গলবার বাফুফে ভবনে ফেডারেশন প্রধানের সঙ্গে কল্যাণ সমিতির সভাপতি মো. ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল বৈঠক করে। যেখানে ইমতিয়াজ আহমেদ নকীব, গোলাম গাউস, শহিদ হোসেন হোসেন, বিপ্লব ভট্টাচার্য, জাহিদ হাসান এমিলি ও মো. হোসেনসহ আরো কয়েকজন ফুটবলার উপস্থিত ছিলেন।
সেই বৈঠকেই দাবিটি কাজী সালাউদ্দিনের সামনে তোলা হয়। কিন্তু বাফুফে প্রধান দাবি মেনে নেননি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান বাইলজ অনুযায়ী, একটি ক্লাব সর্বোচ্চ পাঁচজন বিদেশি খেলোয়াড়ের নাম নিবন্ধন করতে পারে। মাঠে খেলতে পারেন চারজন। এবার সংখ্যাটি ৫ থেকে ৬-এ নেওয়ার চিন্তাভাবনা করছে বাফুফের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও এএফসি কাপে খেলার সুবিধার্থে বাইলজে এই পরিবর্তন আনার কথা ভাবছে তারা।
তবে নিবন্ধন বাড়লেও খেলতে পারবেন বর্তমান নিয়ম অনুযায়ী চারজনই। খেলোয়াড় কল্যাণ সমিতির দাবি ছিল চার জন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করার, কিন্তু খেলতে পারবেন তিনজন। বাফুফে সভাপতি এই দাবি নাকচ করে দিয়েছেন।
ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আরেকটি দাবি ছিল বাফুফের সাধারণ পরিষদে তাদের কাউন্সিলরশিপ প্রদান। বাফুফে সভাপতি খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন, তাদের এ দাবির বিষয়টি তিনি সাধারণ সভায় তুলবেন। খেলোয়াড়রা বাফুফে সভাপতির কথা মেনে নিয়েই খুশিমনে বাফুফে ভবন ত্যাগ করেছেন।