১৭ মার্চ ২০১৮
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার রাতে উপজেলার পৃথক পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার হয়েছে। অভিযানকালে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান জানান, শুক্রবার রাত ১১টায় তাঁর নেতৃত্বে উপজেলার শাহজিবাজার মাজার গেইট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দক্ষিণ বেজবুড়া গ্রামের মৃত শাহেব আলীর ছেলে বেনু মিয়া ও তাঁর স্ত্রী রত্না আক্তারকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
অপরদিকে রাত ১০টায় একই উপজেলার সুরমা চা বাগানের ৩নং বস্তি এলাকায় অভিযান পরিচালনা করেন হবিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম। এ সময় ওই এলাকার জহুর লাল (২৫) নামে এক মাদক বিক্রেতাকে ৬০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ওসি শাহ আলম জানান, জহুর লাল এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে ওই এলাকার মৃত নিমাই লালের ছেলে। তাঁর বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে।
(আজকের সিলেট/১৭ মার্চ/ডি/এসসি/ঘ.)