১৮ জুলাই ২০২৩
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুর থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে কুলাউড়া ইউনিয়নের বাঘাজুরা এলাকার এক পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই নারী কয়েকদিন ধরে বাঘাজুরা বাজার এলাকায় ঘোরাঘুরি করতেন এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
মঙ্গলবার সকালে পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীর পরিচয় শনাক্ত করতে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) টিমকে খবর দেওয়া হয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।