১৬ মার্চ ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ও ছাতক উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আরো ৪জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিস্তাুরিত জানাচ্ছেন আমাদের স্থানীয় প্রতিনিধিরা।
আমাদের জগন্নাথপুর প্রতিনিধি জানান, জগন্নাথপুরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় আমিনুল ইসলাম আমিন (৩২) নামের এক তরুণী ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি পৌর শহরের হাবিবনগর এলাকার মৃত আলকাছ মিয়ার ছেলে।
শুক্রবার জুম্মার নামাজের আগে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বাসা থেকে পার্শ্ববর্তী মসজিদে জুম্মার নামাজে আসার পথে হাবিবনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সামনের চাকা খুলে ছিটকে গিয়ে মোটরসাইকেলে চালানো অবস্থায় থাকা আমিনের পেটে আঘাত করে। এসময় তিনি মোটরসাইকেলসহ পার্শ্ববর্তী একটি পিলারের সাথে ধাক্কা খান। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
জানা যায়, আমিনুল ইসলাম আমিন জগন্নাথপুর পৌর শহরে টেইলরিং এবং নির্মাণ সামগ্রী ব্যবসার সাথে জড়িত ছিলেন।
এদিকে, দুর্ঘটনায় অটোরিকশাচালক ইকবাল মিয়া গুরুতর আহত হয়েছেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমাদের ছাতক প্রতিনিধি জানান, ছাতকে সড়ক দুর্ঘটনায় ১জন মহিলা নিহত হয়েছেন। এবং আহত হয়েছেন ৪ জন।
শুক্রবার সন্ধ্যায় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নিহত রোমনা বেগম ছাতক ইউনিয়নের বাউশা গ্রামের বাসিন্দা। এছাড়া আহত হোন একই গ্রামের আব্দুস সালাম (৩০) ও ছালেহ আহমদ (৩২)। আহত অপর দুই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাতক থেকে আসা মালবাহী পিকআপ এবং গোবিন্দগঞ্জ থেকে আসা একটি সিএনজি কালারুকা ইউপির নৌকাকান্দি এলাকায় আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহিলাসহ ৫ জন আহত হন। আহতদের ছাতক হাসপাতালে নেয়ার পর ১জনের মৃত্যু হয়।
এব্যাপারে থানা পুলিশ রাজেন্দ্র সিলেট টুডে টোয়েন্টিফোর ডটকমকে দুর্ঘটনার সত্যতা স্বীকার বলেন, দুর্ঘটনায় ১মহিলার মৃত্যু হয়েছে আহতদের অবস্থা আশংকাজনক। ঘটনাস্থল থেকে আমি পিকআপ ও সিএনজি জব্দ করে থানায় নিয়ে এসেছি।
(আজকের সিলেট/১৬ মার্চ/ডি/এমকে/ঘ.)