১৭ জুলাই ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পৃথক অভিযানে ৭৫ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ দুজন ও ৭০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ইকবাল হোসেন (৪২), সাফির উদ্দিনের ছেলে মো:সাইফুর রহমান (৩১) এবং উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের মৃত-ফজর আলীর ছেলে জামাল উদ্দিন(৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ বাজারের (পশ্চিম বাংলাবাজার) ইকবাল হোসেনের ফার্নিচারের দোকানের ভিতর থেকে ইকবাল হোসেন ও সাইফুর রহমানের হেফাজতে থাকা দুইটি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগে তল্লাশি করে ৭৫ বোতল বিদেশি মদসহ তাদের আটক করেন পুলিশ।
অন্যদিকে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজারের মিতালী মার্কেটে গিয়াস উদ্দিনের লেপ তুষকের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে জামাল উদ্দিনের হেফাজতে থাকা একটি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৭০০ গ্রাম গাঁজাসহ তকে আটক করা হয়।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর আটকের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের সোমবার সকালে সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হয়েছে।