১৪ জুলাই ২০২৩


আফগান চ্যালেঞ্জ

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : আফগান স্পিনে বরাবরই বেসামাল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৬টি জয়ই আফগানিস্তানের। বাংলাদেশের প্রতিটি হারের পেছনে বারবার একই দৈন্যতা উঠে আসে। সেই দৈন্যতা নিয়েই আজ সিলেটের মাঠে নামছে সাকিবের বাংলাদেশ। অগণিত ক্রিকেটপ্রেমীরাও মুখিয়ে, সিলেটে আজ আফগানদের সপ্তম জয় না বাংলাদেশের চতুর্থ।

সংক্ষিপ্ত ফরম্যাটের বরাবরই ভয়ংকর আফগানিস্তান ক্রিকেট দল। বিশেষ করে স্পিন আক্রমণে দলটির সামর্থ্যের কথা জানে সবাই। আর আফগান স্পিনে বাংলাদেশের ‘ভয়’ বহুদিনের। টি-টোয়েন্টিতে দুই দলের লড়াইয়ে পরিসংখ্যানও সেই কথা বলে। তবে এতো সব আলোচনার ভিড়ে সফরকারীদের নির্দিষ্ট কোনো ক্রিকেটারকে নিয়ে ভাবতে নারাজ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

সিলেটে টি-টোয়েন্টি সিরিজের আগে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন অধিনায়ক সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজ হাতছাড়া হলেও, আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে দলগত পারফরম্যান্স চান অধিনায়ক। আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে বাংলাদেশকে সাহস যোগাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে মার্চের টি-টোয়েন্টি সিরিজটি। যেখানে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ৩-০ তে জয় লাভ করে টাইগাররা।

টি-টোয়েন্টিতে আফগানিস্তান ক্রিকেটের নাম এলেই চলে আসে রশিদ খানের নাম। একই সাথে বোলিংয়ে আছেন মুজিব উর রহমান, অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি এবং নূর আহমেদদের মতো তরুণরা। ব্যাটিংয়ে যে কোনাে দিন প্রতিপক্ষকে রুখে দিতে পারেন রাহমানুল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরানরা।

সাকিবের ভাষ্য, কেবল আফগানিস্তানের নির্দিষ্ট কোনো ক্রিকেটারকে ভাবছে না বাংলাদেশ। একই সাথে দলকে জেতাতে নিজেদের কোনো বিশেষ ক্রিকেটারে ভরসা রাখতে চায় না টিম ম্যানেজম্যান্ট। আফগানদের হারাতে সাকিবের চাওয়া, দলগত লড়াই।

সাংবাদিকদের সাকিব বলেন, আমরা প্রতিপক্ষের নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নিয়ে ভাবছি না। আমাদের দলের ব্যাপারেও একই। নির্দিষ্ট কোনো বোলার বা ব্যাটসম্যানের উপর ভরসা করছি না। আমরা চাই যে আমরা একটা দলগত পারফরম্যান্স। যেটার মাধ্যমে জয় লাভ করতে পারি। আমরা নিজেদের ইনটেনশন একই রাখার চেষ্টা করবো।

এদিকে, সাংবাদিকদের সাথে আফগান দলপতি রাশিদ খানও কথা বলেন। তিনি জানালেন, সিরিজের ফল নিয়ে ভাবছেন। এটা আমাদের জন্য বিশ্বকাপের প্রস্তুতি। আমি ফল নিয়ে ভাবছি না, দলের ওপর চাপও দিতে চাই না। আমরা প্রস্তুতি নেব এক শ ভাগ, তাহলেই বেশির ভাগ সময় আপনি সঠিক ফল পাবেন। মূল লক্ষ্য হলো প্রতিদিনই উন্নতি করা।

তিনি বলেন, তারা (বাংলাদেশের) সবাই ভালো ব্যাটসম্যান। যখন কেউ আন্তর্জাতিক ক্রিকেট খেলে তারা নিশ্চিতভাবেই ভালো ক্রিকেটার। প্রত্যেকেরই নিজস্ব স্কিল আছে, নিজস্ব মাইন্ডসেট আছে। ছন্দে থাকলে তারা সবাই ভয়ংকর। ক্রিজে থিতু হতে একটু সময় নিলেও এরপর তারা দাপট দেখাতে শুরু করে। আমি সবসময় চেষ্টা করি তাদের থিতু হতে না দিতে।

এদিকে, আজ বৃষ্টি শঙ্কাও রয়েছে সিলেটে। গত কয়েকদিন ধরে কখনো টানা বৃষ্টি, কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে সিলেটে। এ অবস্থায় সিলেটের ম্যাচের ভবিষ্যত নিয়ে চিন্তায় সংশ্লিষ্টরা।
তবুও আভাস মিলেছে গতকাল টিকেট কাউন্টারে চোখ বুলাতেই। টিকিট সংগ্রহে দর্শকদের ভিড় লক্ষ্য করা গেছে কাউন্টারের লাইনে। সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ১৫০০ টাকায় দেখা যাবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা।
আজ সন্ধ্যা ৬টায় রশিদ খানদের বিপক্ষে মুখোমুখি হবে সাকিব বাহিনী। একই ভেন্যুতে ১৬ জুলাই হবে সিরিজের শেষ টি-টোয়েন্টি।

শেয়ার করুন