১৩ জুলাই ২০২৩


আগস্ট মাসে শাবি সিন্ডিকেট নির্বাচন না করার অনুরোধ

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৫ বছরের বেশি সময় পর আগামী ৯ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের নীতি-নির্ধারণী ফোরাম ‘সিন্ডিকেট’ নির্বাচন।

বুধবার বিকালে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন ওই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান।

তবে শোকাবহ আগস্ট মাসে নির্বাচন আয়োজন না করার অনুরোধ জানিয়ে রেজিস্ট্রার বরাবর চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন। বৃহস্পতিবার বিকালে এ প্রসঙ্গে চিঠি দিয়েছেন তিনি।

চিঠিতে অধ্যাপক ফারুক উদ্দিন লিখেন, ”রেজিঃ/৬৫/৪/৭২১ সূত্রের আলোকে আপনার (রেজিস্ট্রার) স্বাক্ষরিত তফসিল মোতাবেক আগামী ৯ আগস্টে শাবির সিন্ডিকেট নির্বাচনের দিন ধার্য্য করা হয়েছে।

”আপনি নিশ্চয়ই শোকাবহ আগস্ট বিষয়ে অবগত আছেন। পিশাচেরা ১৯৭৫ সালে এই মাসের ১৫ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যবৃন্দকে নৃশংসভাবে হত্যা করে। বিদেশে অবস্থানের কারণে ভাগ্যগুনে বেঁচে যান বঙ্গবন্ধু তনয়া বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা। দীর্ঘদিন থেকে এ মাসটিকে আমরা শোকাবহ আগস্ট হিসেবে পালন করে আসছি।”

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ”শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববদ্যিালয়ের আইন অনুযায়ী সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের শিক্ষক প্রতিনিধি নির্বাচন প্রতি ০২ (দুই) বৎসর অন্তর অন্তর সংঘটিত হওয়ার কথা থাকলেও দীর্ঘ প্রায় সাত বৎসর যাবৎ প্রশাসন এ ব্যাপারে উদাসীন ছিল।”

হঠাৎ করে শোকাবহ আগস্টে আনন্দ-উল্লাসের এই নির্বাচন অনুষ্ঠান মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শনের শামিল বলে মনে করেন ওই শিক্ষক।

তিনি লিখেন, ”প্রকারান্তরে, আগস্ট মাসে এই নির্বাচন অনুষ্ঠান ১৯৭৫ সালের কুশীলবদের অন্তরাত্মাকে উল্লাসের মাধ্যমে পুরস্কৃত করার একটি হীন অভিপ্রায় বলে আমি বিশ্বাস করি।”

চিঠিতে অধ্যাপক ফারুক উদ্দিন আরও লিখেন, আপনার (রেজিস্ট্রার) মাধ্যমে প্রশাসনকে অনুরোধ, শোকাবহ আগস্টে আনন্দ-উল্লাসের এইসব উৎসব পালন না করে পরবর্তী কোন এক মাসে তা অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করুন।”

এ বিষয়ে ফারুক উদ্দিন গণমাধ্যমকে বলেন,’শোকাবহ আগস্টে নির্বাচনের যে আনন্দ উল্লাস তা কোনোভাবেই কাম্য নয়। আশা করি প্রশাসন চিঠির বিষয়টি বিবেচনা করবেন।’

এদিকে এ বিষয়ে একটি চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান। তিনি বলেন, ” আমার কাছে একটি চিঠি এসেছে।” এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাননি তিনি।

তবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন বলেন, ”আগস্ট মাস অবশ্যই শোকাবহ মাস৷ এ মাস বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

”বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্যই যথাযোগ্য মর্যাদায় শোকাবহ আগস্ট মাস পালন করবে। তবে একই সঙ্গে আমাদের অন্যান্য স্বাভাবিক কাজের ধারাবাহিকতাও বজায় রাখতে হবে।”

সিন্ডিকেট নির্বাচন হচ্ছে শিক্ষকদের নির্বাচন; তা শোকাবহ আগস্ট মাসকে প্রভাবিত করবে না বলে তিনি মনে করেন।

শেয়ার করুন