৬ জুলাই ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেটে ক্রমশ বেড়েিই চলেছে এডিস মশার উপদ্রব। ছয় মাসে সিলেটে বিভাগে এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৭৯ জন। এর মধ্যে গত দুই মাসেই আক্রান্ত হয়েছেন ৭৩ জন। আক্রান্তরা সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের অধিকাংশই সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা। যাদের অধিকাংশেরই নেই যাতায়াতের ‘হিস্ট্রি’।
সিলেট সিটি করপোরেশন একটি ওয়ার্ডেও মিলেছে এডিস মশার লার্ভা। মহানগরীর ২৬ নং ওয়ার্ডের দুইটি স্থানে মিলেছে এডিস মশার লার্ভা। তবে এডিস মশার লার্ভা নিধনে তৎপর রয়েছে সিসিক এমটি জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিলেট স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের দেওয়া তথ্য অনুয়ায়ী, এ বছর জানুয়ারি থেকে এ জুলাই এর ৬ তারিখ পর্যন্ত সিলেট বিভাগে ৭৯ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ২৩ জন নারী এবং ৫৬ জন পুরুষ রয়েছেন। বিভাগে গত দই মাসেই আক্রান্ত হয়েছেন ৭৩ জন। যেখানে জুন মাসে আক্রান্ত হয়েছে ৫৯ জন আর এ মাসের ৬ দিনে আক্রান্ত হয়েছেন ১৪ জন।
এডিস মশার কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। এছাড়া সুনামগঞ্জ জেলা আছেন ৭ জন, মৌলভীবাজারে ৪ জন এবং হবিগঞ্জ জেলায় ৪ জন রয়েছেন। রোগীর সংখ্যা গতবারের তুলনায় অনেক বেশি।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, সিটি করপোরেশনের পক্ষ থেকে মশকনিধন অভিযান অব্যাহত আছে। এডিস মশা নিধনে আমাদের ভলান্টিয়ার ডোর টু ডোর কাজ করছে। সিলেটে মহানগরীর ২৬ নং ওয়ার্ডে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। ২৬ নং ওয়ার্ডে দুইটি জায়গায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ মাসের প্রথম থেকেই এডিস মশা নিধনে সিসিক’র বিশেষ কার্যক্রম চলছে।
ডেঙ্গু সংক্রমণ রোধে নগরের বাসিন্দাদের সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা ও পানি জমতে না দেওয়ার আহ্বান জানিয়ে মাইকিং করা শিঘ্রই শুরু হবে বলে জানান এ কর্মকর্তা।